নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ পেট্রোল সরবরাহ স্বাভাবিক হওয়া সত্বেও আগরতলায় অধিকাংশ পাম্পে পেট্রোল মিলছে না৷ খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, আগরতলায় সবকটি পেট্রোল পাম্প মিলিয়ে ৮৭ কেএল পেট্রোল আজ মজুত রয়েছে৷ অথচ আগরতলায় দৈনিক চাহিদা সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কেএল পেট্রোল৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ণ উঠেছে পেট্রোলের ঘাটতি না থাকা সত্বেও পাম্প গুলিতে দীর্ঘ লাইন কেন দেখা যাচ্ছে? খাদ্য দপ্তর সূত্রে খবর, শুক্রবার সারা রাজ্যে পেট্রোল মজুত রয়েছে ৬০৪ কেএল৷ সে জায়গায়, দৈনিক চাহিদা সারা রাজ্যে মোট ১৫০ কেএল৷ সূত্রের খবর, এই উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় আইওসিএলকে সরেজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার৷ কারণ, রাজ্যে পেট্রোলের মজুতের নিরিখে সংকট দেখা দেওয়া খুবই অস্বাভাবিক ঘটনা৷
এদিকে, ধর্মনগর তেল ডিপোতে বিজি রেল লাইনে যুক্ত হওয়া সত্বেও রাজ্যবাসী এর সুফল পাচ্ছেন না৷ খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ধর্মনগর তেল ডিপোতে শুধু ডিজেল ওয়াগনে করে আসছে৷ পেট্রোল ওয়াগনে করে আনা সম্ভব হচ্ছে না৷ কারণ, ধর্মনগর তেল ডিপোতে প্রয়োজন অনুসারে পেট্রোলের ধারন ক্ষমতা নেই৷ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল কেরোসিন যেখানে মজুত করে রাখা হয় সেখানে পেট্রোল মজুত করা হোক৷ কিন্তু, সেকেরকোটে আইওসিএলের তেল ডিপো গড়ে উঠবে এই যুক্তিতে কেরোসিনের স্থানে পেট্রোল মজুত করার প্রস্তাব খারিজ করে দেয় আইওসিএল৷ ফলে, ওয়াগনে করে জ্বালানি তেল আমদানির পুরো সুফল মিলছে না৷



















