News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক চার লেন সহ সৌন্দর্যায়নে বহুমুখী পরিকল্পনা রাজ্য সরকারের
Image

জাতীয় সড়ক চার লেন সহ সৌন্দর্যায়নে বহুমুখী পরিকল্পনা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত জাতীয় সড়কটিকে কেন্দ্রীয় সরকার চার লেন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে৷ এই জাতীয় সড়কের উপর যতগুলি পাকা সেতু রয়েছে সেগুলিকেও চার লেনে উন্নীত করার জন্য চিন্তা-ভাবনা করতে হবে৷ আজ মহাকরণের ১নং কনফারেন্স হলে জাতীয় সড়কের উন্নয়ন এবং গোমতী ও মুহুরী নদীর উপর দুটি পাকা সেতুর নির্মাণ প্রসঙ্গে এক পর্যালোচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, জাতীয় সড়ক চার লেনের হলে সেতুগুলিও চার লেনের করতে হবে৷ এটা না করলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে৷ তাছাড়া রাজ্যের বর্তমানে দুই লেনের যে সড়কগুলি রয়েছে সেগুলিকে উভয়দিকে আরও প্রশস্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ সভায় মুখ্যসচিব সঞ্জীবরঞ্জন বলেন, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত নীতি আয়োগের বৈঠকে আগরতলা – মাতাবাড়ি সড়ককে চার লেনে উন্নীতকরণের উপর জোর দেয় রাজ্য সরকার৷ পাশাপাশি জাতীয় সড়কের দুইপাশে সৌন্দর্যায়নের বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি৷ সভায় মুখ্যসচিব জানান, আগরতলা থেকে মাতাবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক সোজা করায় বিভিন্ন জায়গায় রাস্তার পাশে নয় কিলোমিটার সরকারি জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে৷ সেগুলি পর্যটন, হস্তকারু শিল্পের প্রচার, ফুডকোর্ট এবং সড়কের পাশে ডিসপেনসারি তৈরির কাজে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বন্টন করে দেওয়ার ব্যবস্থা করতে পূর্ত দপ্তরকে উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব৷ মুখ্যমন্ত্রীও এই কাজটি দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, সরকারের তরফে এধরনের উদ্যোগ নেওয়া হলে দেখা যাবে রাস্তার পাশে ব্যক্তিগত মালিকাধীন যেসকল খালি জায়গা রয়েছে সেখানেও এধরনের উদ্যোগ গ্রহণ করতে তারা উৎসাহিত হবেন৷ এরজন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করে দেবে রাজ্য সরকার৷ এছাড়া রাস্তার পাশে টোল আদায়ের বুথ, এটিএম কাউন্টার ইত্যাদি তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড ডিজাইন জমা দিতে এন এইচ আই ডি সি এল সংস্থাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি জনজাতি এলাকায় রাস্তায় পাশে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী কটেজ তৈরি করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জাতীয় সড়কের দুপাশে সৌন্দর্যায়নে রোড সাইট প্ল্যান্টেশনের উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷ আগামী আগস্ট মাসে আগরতলা বিমানবন্দর থেকে আমতলি পর্যন্ত বিকল্প চার লেন সড়ক নির্মাণের কাজ শুরু করার জন্য পূর্ত দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
পর্যালোচনা সভায় রাজ্যের ৬টি জাতীয় সড়কের অগ্রগতি নিয়েও বিস্তৃত আলোচনা হয়৷ পর্যালোচনা সভায় পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, চুড়াইবাড়ি আগরতলা এন এইচ-৮(৪৪) সড়ক, মনু-শিমলুঙ এন এইচ ৮(৪৪ এ) সড়ক, কুমারঘাট-কৈলাসহর এন এইচ২০৮ সড়ক, কৈলাসহর কুর্তি এন এইচ ২০৮ (এ), খোয়াই – আগরতলা এন এইচ ১০৮ (বি) এবং জোলাইবাড়ি -বিলোনীয়া এন এইচ ১০৮ (এ) সড়কের ডাবল লেনের ডি পি আর তৈরির কাজ শেষ৷ যত দ্রুত সম্ভব সড়কগুলির নির্মাণের কাজ শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব শান্তনু, পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকগণ এবং এন এইচ আই ডি সি এল নির্মাণ সংস্থার প্রতিনিধিগণ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top