হায়দরাবাদ, ৪ এপ্রিল (হি.স.): ড্রোনে করে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনগুলি। এমন আশঙ্কা থেকেই হায়দরাবাদের আকাশে যে কোনও ধরণের ড্রোন উড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। এছাড়াও রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে উড়ন্ত অন্যান্য জিনিসের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৮ই এপ্রিল থেকে ৭ই মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
প্রশাসন সূত্রে খবর গোয়েন্দা রিপোর্টে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর এই হামলা সন্ত্রাসবাদীরা রিমোর্ট কন্ট্রোল ড্রোন,প্যারা গ্লাইডার মাধ্যমে চালাতে পারে বলে খবর। এরফলে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি বহু মানুষের জীবনহানির সম্ভাবনা রয়েছে। শহর এবং শহরবাসীর নিরপত্তার জন্য এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ কমিশনারেটের পুলিশ। যে ব্যক্তি বা সংস্থা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যে সরকারী সংস্থা এবং বেসরকারী সংগঠন জরিপের কাজের জন্য ড্রোন ব্যবহার করবে তাদেরকে স্থানীয় থানার থেকে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আগাম ছাড়পত্র নিতে হবে।

