আপাতত অন্যান্য দলত্যাগী কোনও নেতাকেই গ্রহণ করবে না বিজেপি

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : আপাতত অন্যান্য দল থেকে কোনও নেতাকেই দলে নেবে না ভারতীয় জনতা পার্টি | বিজেপি নীতি নির্ধারণ কমিটিতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| সেই অনুযায়ী বিশেষ করে যাঁরা ভোটে হেরে গেছেন, এমন কাউকেই আগামী অন্তত ৬ মাস বিজেপিতে নেওয়া হবে না|
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে এসেছে বিরাট জয়| গোয়া বা মণিপুরে একক বৃহত্তম দল না হয়েও সরকার গড়েছে বিজেপি| এই অবস্থায় দেশের বিভিন্ন প্রান্ত থেকেই বিজেপিতে যোগ দেওয়ার হিরিক পড়েছে| এই পরিস্থিতিতে দলে বেনোজল আটকাতেই দলত্যাগীদের বিজেপিতে যোগদানের ব্যাপারে লাগাম টানতে চাইছে বিজেপি|
দলীয় এক মুখপাত্রের দাবি, মানুষ তাঁদের বিরুদ্ধে রায় দিয়েছেন| এই অবস্থায় আমরা যদি তাদের দলে নিই, সেটা মানুষের রায়কে অসম্মান করা হবে| আমাদের দলীয় কর্মীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে| তাই যাঁরা ভোটে হেরে গেছেন, এমন কাউকেই আগামী অন্তত ৬ মাস বিজেপিতে নেওয়া হবে না|
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরই তাঁর সঙ্গে দেখা করতে যান মুলায়মের পুত্র প্রতীক ও পুত্রবধূ অপর্ণা যাদব| জল্পনা ছড়ায়, তাহলে কি তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন? সূত্রের দাবি, উত্তরপ্রদেশে হেরে যাওয়া অনেকেই যোগাযোগ করছেন বিজেপি শিবিরের সঙ্গে| সেই তালিকায় সমাজবাদী পার্টির নেতারা যেমন আছেন, আছেন বিএসপি বা কংগ্রেসের নেতারাও|