দেখা হল না মোদীর সাথে, দূর্ণীতি ও চিটফান্ড ইস্যুতে খালি হাতে ফিরলেন তৃণমূলের পাঁচ বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ রাজ্যের বিভিন্ন ব্লকে দুর্নীতি এবং চিটফান্ড ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার বহু

মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল রাজ্য কমিটির সভাপতি তথা বিধায়ক আশিষ কুমার সাহা৷ ছবি নিজস্ব৷

চেষ্টার পর দিল্লি গিয়ে খালি হাতে ফিরে এলেন তৃণমূলের পাঁচ বিধায়ক৷ প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সাথে দেখা করার সময়সূচী নির্ধারিত হওয়া সত্ত্বেও অন্তিম মুহূর্তে তা বাতিল করে দেওয়া হয়৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এবিষয়ে আক্ষেপ করেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক আশিস কুমার সাহা৷
এদিন তিনি জানান, গত ৬ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টা করা হচ্ছিল৷ তখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য ২৫-৩০ জানুয়ারির মধ্যে কোন একটা সময়ে সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু তাতে কোন সাড়া মিলেনি৷ ফলে, গত ২৫ ফেব্রুয়ারি পুনরায় প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাতের সময় দেওয়ার আর্জি জানানো হয়৷ অবশেষে গত ৪ মার্চ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টেলিফোনে জানানো হয় সাক্ষাতের দিনক্ষণের বিষয়ে৷ কিন্তু তখন বিধানসভা অধিবেশন চলছিল৷ তাই দিল্লি যাওয়া সম্ভব হচ্ছিল না৷ ফলে, ১৭ মার্চ প্রধানমন্ত্রী দপ্তরের ভারপ্রাপ্তমন্ত্রী ডা জিতেন্দ্র সিংয়ের সাথে সাক্ষাৎ করার সময় সূচী চূড়ান্ত হয়৷ সে মোতাবেক তৃণমূলের পাঁচ বিধায়ক দিল্লির উদ্দেশ্যে রওনা দেন৷ কিন্তু ১৭মার্চ টেলিফোনে জানানো হয় ডা জিতেন্দ্র সিংয়ের সাথে সাক্ষাৎ বাতিল করা হয়েছে৷
এদিন আশিসবাবু আক্ষেপের সুরে বলেন, চারদিন ধরে দিল্লিতে অপেক্ষা করেও রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি৷ এবিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য করে তিনি বলেন, আশা করেছিলাম রাজ্যের সমস্যাগুলি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে অথবা প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রীর সাথে আলোচনা করার সুযোগ মিলবে৷ এদিন তিনি এই ঘটনায় অভিযোগ এনে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সখ্যতার কারণেই তাদের সাথে এধরনের আচরণ করা হয়েছে৷ কেন্দ্র কোন ভাবেই এরাজ্যের বামফ্রন্ট সরকারকে ঘাঁটাতে চাইছে না৷ তাই তাদের সাথে দেখা করে সমস্যাগুলি জানতে চায়নি প্রধানমন্ত্রী কিংবা তার দপ্তরের মন্ত্রী ডা জিতেন্দ্র সিং, অভিযোগ আশিসবাবুর৷
এদিকে, আগামী ৫ এপ্রিল তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় রাজ্যে আসছেন বলে তিনি জানিয়েছেন৷ ঐদিন তৃণমূলের কনভেনশন অনুষ্ঠিত হবে৷ এই কনভেনশনের মঞ্চ থেকে রাজ্যভিত্তিক গণআন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷