নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৬ মার্চ৷৷ ২০১৭-১৮ অর্থবছরে বাজেটে পূর্বোত্তরের রাজ্যগুলির জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷ রাজ্য সভায় এক প্রশ্ণের উত্তরে এই তথ্য দিয়েছেন ডোনারমন্ত্রী ডা জিতেন্দ্র সিং৷ এরই সাথে তিনি জানিয়েছেন, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে দেরি করায় পূর্বোত্তরের রাজ্যগুলির ১ হাজার ১৫৮ কোটি টাকা বরাদ্দ হয়েও কেন্দ্রীয় কোষাগারে পড়ে রয়েছে৷ তবে, শিলংয়ে সার্ভিসেস অফ স্পেস সেন্টার সঠিক ইউটিলাইজেশন সার্টিফিকেট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাতে, সময় অনেকটা বাঁচবে বলে জানিয়েছেন ডোনারমন্ত্রী৷
আসামের সাংসদ রাণী নারার প্রশ্ণের জবাবে ডোনারমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক মন্ত্রকের বাজেটে ১০ শতাংশ পূর্বোত্তরের জন্য বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷ এরই পাশাপাশি পূর্বোত্তরের জন্য রেল বাজেটে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷ বিশেষ রাস্তা নির্মাণে ১৫০ কোটি এবং বিটিসি, কেএএটিসি এবং ডিএইচএটিসি খাতে ১২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷ ডোনারমন্ত্রকের বাজেটে ২০১৭-১৮ অর্থবছরে ব্যয় বরাদ্দ বাড়িয়ে ২৭৯ কোটি ৪৫ লক্ষ টাকার প্রস্তাব রাখা হয়েছে৷
এদিকে, পূর্বোত্তরের রাজ্যগুলি সময়মত ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন ডোনারমন্ত্রী৷ তিনি জানান, এপ্রিল ২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত ১ হাজার ১৫৮ কোটি টাকা কেন্দ্রীয় কোষাগারে পড়ে থাকলেও পূর্বোত্তরের রাজ্যগুলিকে সেই অর্থ দেওয়া যাচ্ছে না৷ কারণ, সময়মত রাজ্যগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না৷ ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে অর্থ বরাদ্দ করা হবে না৷ স্পষ্ট জানিয়ে দেন ডোনারমন্ত্রী ডা জীতেন্দ্র সিং৷ এদিন তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে আসাম এবং সিকিমের ভূয়সী প্রশংসা করেন৷ পাশাপাশি সমস্ত রাজ্যগুলিকে ডিপিআর তৈরির জন্য নিজস্ব স্টেট লেভেল এমপাওয়ার্ড কমিটি গঠন করার পরামর্শ দিয়েছেন৷ তাতে, সংশ্লিষ্ট রাজ্যগুলি ডিপিআর তৈরি করে সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠাতে পারবে৷
2017-03-17

