নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার উদয়পুরে, প্রেমে প্রতারিত প্রেমিকার করবি গোটা খেয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/আগরতলা, ৪ মার্চ৷৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থা এক যুবকের পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনা আর কে পুর থানার অধীন উদয়পুরের মহরাণীতে৷ নিহতের নাম অমর ত্রিপুরা (৩২)৷ বাবার নাম মহর চাঁদ ত্রিপুরা৷ তিনদিন আগে সে নিখোঁজ হয়েছিল৷ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন হদিশ পাওয়া যাচ্ছিল না৷ শনিবার দুপুরে মহারাণীর পলিটেকনিক কলেজ সংলগ্ণ জঙ্গলের প্রায় তিনশ ফুট গভীরে গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়৷

সংবাদে প্রকাশ, ঐ এলাকায় এদিন এলাকারই কয়েকজন কলাপাতা সংগ্রহ করতে যায়৷ সেখানে গেলে দুর্গন্ধ পেয়ে এদিক ওদিক নজর দিতেই দেখতে পান গাছের ডালে একটি মৃতদেহ ঝুলে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মহারণী পুলিশ ফাঁড়িতে৷ এসডিপিও সহ পদস্থ পুলিশ অফিসার ও কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দিয়েছে৷ দুপুর থেকে শুরু হয় মৃতদেহ সনাক্ত করার জন্য তথ্য অনুসন্ধান৷ বিকালে পুলিশ জানতে পারে, নিহতের নাম অমর ত্রিপুরা৷ তার বাড়ি মহারাণীতেই৷ বাড়ির লোকজন খবর পেয়ে মর্গে ছুটে যায় এবং মৃতদেহ সনাক্ত করেছেন৷ আর কে পুর থানার ওসি মিলন দত্ত জানিয়েছেন, দুই তিন আগে ঐ যুবকের মৃত্যু হয়েছে৷ মৃতদেহে পচন ধরে গিয়েছে৷ তবে কিভাবে ঐ যুবকের মৃত্যু হয়েছে এনিয়ে চলছে জল্পনা৷ এটি কি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা এনিয়ে প্রশ্ণ উঠেছে মহারাণীর জনমনে৷

বিয়ে করতে প্রেমিক অস্বীকার করায় বিষ খেয়ে প্রেমিকা আত্মহত্যা করেছে৷ তেলিয়ামুড়ার মুশিকপাড়ার বাসিন্দা বিষ্ণুজয় রুকিনীর মেয়ে রঙ্গিলা রুকিনী(১৭) শনিবার সকালে ঘুম থেকে উঠেই করবি ফুলের বিষাক্ত গোটা খেয়ে আত্মহত্যা করেছেন৷ তার বাবা জানিয়েছেন, এলাকারই এক যুবকের সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল৷ কিন্তু গতকাল জেমস রুকিনী বিয়ে করতে অস্বীকার করে৷ আজ সকালে ঘুম থেকে উঠেই করবি ফুলের বিষাক্ত গোটা খেয়ে নেয়৷ উঠানে পড়ে থাকতে দেখে প্রথমে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ কিন্তু জিবিতে এসেও শেষ রক্ষা হয়নি৷ সকাল সাড়ে এগারটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় জেমস রুকিনীর বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷