News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা দূরদর্শন কেন্দ্রে সংবাদ প্রেরক নিয়োগ নিয়ে ঘোটালার গুরুতর অভিযোগ
Image

আগরতলা দূরদর্শন কেন্দ্রে সংবাদ প্রেরক নিয়োগ নিয়ে ঘোটালার গুরুতর অভিযোগ

PENনিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই, ৬ এপ্রিল৷৷ দূরদর্শনের সংবাদ বিভাগের বিরুদ্ধে অভিযোগ ক্রমেই বেড়ে চলেছে৷ অভিযোগ উঠেছে যে একটি কায়েমি স্বার্থান্বেষী মহল এই কেন্দ্রকে ঘিরে রেখেছে৷ সংবাদ বিভাগের লোক নিয়োগের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব৷ রাজনৈতিক প্রভাব ইত্যাদির মাধ্যমে আগরতলা দূরদর্শন কেন্দ্রটি কার্যত একটি স্বার্থান্বেষী চক্রের কামধেনুতে পরিণত হয়েছে৷ শুধু সংবাদ বিভাগ নয়, অন্যান্য বিভাগেও চলছে মুখ চিনে মুগের ডালের কান্ড৷ প্রোগ্রাম পাইয়ে দেওয়ার নামেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে৷ যেহেতু এ রাজ্যে বামফ্রন্ট ক্ষমতাসীন সেহেতু এই রাজনৈতিক প্রভাব দূরদর্শন কেন্দ্রকে নানাভাবে পরিচালিত করার অভিযোগও উঠেছে৷ বার্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এখন নিজের বদলি ইত্যাদি রুখতেই রীতিমত ব্যতিব্যস্ত৷ অনেক ধরাধরি করে আগরতলা কেন্দ্রে যোগ দেওয়ার পর তিনি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের অঙ্গুলী হেলনে চলছেন বলে অভিযোগ উঠেছে৷
এদিকে, আগরতলা দূরদর্শনে জেলাভিত্তিক সংবাদ প্রেরক চুক্তির ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ উঠেছে৷ সম্প্রতি আগরতলা দূরদর্শন কেন্দ্রে জেলাভিত্তিক সংবাদ প্রেরক চুক্তির ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত হয়৷ সে মোতাবেক গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই নিয়োগ সংক্রান্ত বিবৃতি সংবাদ পত্রে প্রকাশিত হয়৷ তাতে উল্লেখ করা হয়েছিল, আগ্রহী প্রার্থীরা অফেরত যোগ্য এক হাজার টাকার ড্রাফট জমা দিয়ে উক্ত পদের জন্য আবেদন জানাতে৷ অভিযোগ, উক্ত পদের জন্য যারা আবেদন করেছিলেন তাদের অনেককেই বিভিন্ন ত্রুটি দেখিয়ে দূরদর্শন কর্তৃপক্ষ ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানাননি৷ দূরদর্শন কর্তৃপক্ষ এনিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চার চাকা বিশিষ্ট গাড়ি এবং এক্সডি-ক্যাম ক্যামেরা থাকা বাধ্যতামূলক বলে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করেছিলেন৷ অভিযোগ উঠেছে যারা এই শর্তে আবেদন করেছিলেন তাদের সিংহভাগ আবেদনকারীরই চার চাকা বিশিষ্ট গাড়ি নেই৷ অথচ তারা গত চার এপ্রিল দূরদর্শন কেন্দ্রে ইন্টারভিউর আমন্ত্রণ পেয়েছেন৷ খোয়াই জেলা থেকে একাধিক আবেদনকারী উক্ত চুক্তি ভিত্তিক সংবাদ প্রেরকের পদে আবেদন করেছিলেন৷ কিন্তু ইন্টারভিউর দিন শুধুমাত্র একজনকে ছাড়া আর কাউকেই আমন্ত্রণ করা হয়নি বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ কোন জেলা চুক্তিভিত্তিক সংবাদ প্রেরক হিসেবে কাদের নিয়োগ করা হয়েছে সে সম্পর্কিত তালিকা এখনো দূরদর্শন কর্তৃপক্ষ প্রকাশ করেনি৷
অভিযোগ উঠেছে, খোয়াইয়ের জনৈক প্রাক্তন কলমচি গত ৩ মাস আগে থেকেই প্রচার করে যাচ্ছেন আগরতলা দূরদর্শন কেন্দ্রের সংবাদ বিভাগের খোয়াই জেলার সাংবাদিক তিনি৷ এমনকি বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থার অনুষ্ঠানে তিনি দামি ক্যামেরা হাতে নিয়ে নিজেকে আগরতলার দূরদর্শন কেন্দ্রের পরিচয় দিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রের সংবাদ বিভাগের বার্তা সম্পাদকের সাথেও তাঁর মধুর সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন উঠেছে৷ জানা গেছে, মাস দুয়েক আগে তিনি ক্যামেরাও ক্রয় করেছিলেন৷ এরই ভিত্তিতে ইন্টারভিউ আমন্ত্রণ থেকে বঞ্চিতরা অভিযোগ তুলে বলেন, দূরদর্শনের সংবাদ বিভাগ থেকে জেলাভিত্তিক সংবাদ প্রেরক নিয়োগের ইন্টারভিউতে খোয়াই জেলা থেকে শুধুমাত্র তাঁকেই আমন্ত্রণ জানানো হয়েছিল৷ অগ্রিম ক্যামেরা ক্রয় করা সে সঙ্গে দূরদর্শনের সাংবাদিক না হয়েও এর তকমা জড়িয়ে বেড়ানো এই বিষয়গুলিতে ব্যাপক সন্দেহ তৈরি হচ্ছে অন্য আবেদনকারীদের মধ্যে৷ বঞ্চিত আবেদনকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, অন্যের গাড়ি তিন বছরের জন্য ভাড়া নেওয়ার চুক্তির কাগজ জমা দিয়ে ইন্টারভিউ দিয়েছেন অনেকেই৷ ফলে, খোয়াই জেলা থেকে আগরতলা দূরদর্শন কেন্দ্রে সংবাদ বিভাগের চুক্তি ভিত্তি সংবাদ প্রেরক হিসেবে যদি ঐ প্রাক্তন কলমচি নির্বাচিত হন তাহলেই প্রমাণিত হয়ে যাবে বাছাই প্রক্রিয়ায় কতটা ঘোটালা হয়েছে৷
এদিকে, ত্রিপুরায় দূরদর্শন কেন্দ্রের মান দিনে দিনেই যে নিম্নমুখী হচ্ছে তাও রাজ্য বিধানসভায় উত্থাপিত হয়েছে৷ ত্রিপুরায় দূরদর্শন কেন্দ্রের প্রচার কর্মসূচীর মানোন্নয়ন সম্পর্কিত একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাব দিয়েছেন তথ্য মন্ত্রী৷ তিনি বলেছেন, ২০১৪ সালে তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী প্রকাশ জাভেদকার এক চিঠিতে মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করে এই রাজ্যে তরুণ আগ্রহী চিত্র নির্মাতা ও কলাকুশলীদের উৎসাহ দানের জন্য রাজ্য সরকারের আগ্রহ থাকলে কেন্দ্রীয় সরকার টেলিভিশন ও ফিল্ম তৈরির প্রতিষ্টান গড়তে পারে৷ এবিষয়ে তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ৫ই আগস্ট ২০১৪ সালে এক পত্রের মাধ্যমে তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে রাজ্য সরকারের আগ্রহের কথা জানানো হয় এবং প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়৷ এর জন্য রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্ট সংলগ্ণ স্থানে ৩৪৩০ একর ভূমিরও ব্যবস্থা করেছে৷ শুধু তাই নয় সে পত্রে দূরদর্শন কেন্দ্র আগরতলার সম্প্রচারে এসটিবিএস যুক্ত করার অনুরোধ করা হয়৷ যাতে সারা রাজ্যে অতি সহজেই দূরদর্শনের অনুষ্ঠান সমূহ সম্প্রচার সম্ভব হয়৷ এছাড়াও আগরতলা দূরদর্শন কেন্দ্রে স্থানীয় অনুষ্ঠানের সম্প্রচারের জন্য ২৪x ৭ ট্রান্সমিটার চালু করার জন্য অনুরোধ করা হয়৷
দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে তথ্য মন্ত্রী আরো জানান, রাজ্য সরকারের আমন্ত্রণে গত নভেম্বর ২০১৩ সালে প্রসার ভারতীর সিইও জওহর সরকার এ রাজ্যে এসেছিলেন এবং রাজ্য সরকারের পক্ষে শুধুমাত্র দূরদর্শন কেন্দ্র আগরতলা ছাড়াও আকাশ বাণী কেন্দ্র সমূহেরও কি করে সম্প্রচার উন্নয়ন ঘটানো সম্ভব সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দূরদর্শন ও আকাশবাণী কেন্দ্র সমূহের সম্প্রচারে মান উন্নয়নে আশ্বাস দেওয়া হয়েছিল৷
এছাড়াও এ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে দূরদর্শনের সম্প্রচারের মান উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে গত ২০১২ সালে তথ্য ও সংসৃকতি দপ্তরের তৎকালীন সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছিলেন৷
এদিন, দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে তথ্যমন্ত্রী আরো জানান, রাজ্য সরকারের পক্ষে বিভিন্ন সময়ে অনেক অনুরোধ করা সত্ত্বেও দূরদর্শন কেন্দ্রের সম্প্রচারের মান এখনো তেমন বৃদ্ধি হয়নি৷ এখনো প্রতিদিন ৮ ঘন্টা সম্প্রচার করে থাকে৷ ও বি ভেনার এর কোন ব্যবস্থা নেওয়া হয়নি, ট্রান্সমিটারের শক্তি এখনো বৃদ্ধি হয়নি, রিলে কেন্দ্রগুলির শক্তি এখনো পূর্বাবস্থা বর্তমান৷ রাজ্যে দূরদর্শন কেন্দ্রের সম্প্রচারের মান উন্নয়ন সহ সম্প্রচারের সময় সীমাবৃদ্ধি, ও বি ভেনারের ব্যবস্থা করা সমূহ সুযোগ সম্প্রসারণে দপ্তরের পক্ষে তার প্রয়াস আগামীদিনেও জারি থাকবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top