মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ে ২৬/১১ হামলার বিষয়ে জবানবন্দি দিতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করল ডেভিড কোলম্যান হেডলি| মুম্বই কোর্টের কাছে জবানবন্দি দিতে গিয়ে ২৬/১১ সন্ত্রাসের মূলচক্রী ডেভিড হেডলি দাবি করেছে, গুজরাতে ভুয়ো সংঘর্ষের বলি ইশরাত জাহান লস্কর-ই-তৈবার সদস্য ছিল| সে গুজরাতে পুলিশদের উপর হামলা চালাতেই গিয়েছিল বলে দাবি হেডলির| ২০০৪ সালের ১৫ জুন পুলিশের এনকাউন্টারে মৃতু্য হয় ইশরাত জাহানের| সেই মামলা এখনও চলছে| পুলিশের দাবি ছিল, লস্করের হয়ে কাজ করত ইশরাত| এবার হেডলিও সেই দাবিই করল| জবানবন্দিতে হেডলি দাবি করেছে, লস্কর-ই-তৈবার আত্মঘাতী জঙ্গি ছিল ইশরাত| তার উপর কিছু নাকা পয়েন্টে পুলিশকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল| লস্করের এক মহিলা সদস্যের কাছ থেকেই সে ইশরাতের নাম জেনেছিল বলে দাবি করেছে| পাক ভিইত্তক এই জঙ্গি সংগঠনের মহিলা বাহিনীও ছিল| আর এই বাহিনীর প্রধান ছিল আবু আইমান মাজহার|প্রযুক্তিগত সমস্যার কারণে একদিনের বিরতির পর বৃহস্পতিবার ফের ২৬/১১ মুম্বই হামলার বিষয়ে জবানবন্দি দেয় রাজসাক্ষী হেডলি| মার্কিন জেল থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সাক্ষ্য দিচ্ছে ডেভিড হেডলি| সূত্রের খবর, জঙ্গিদের থেকে সে কীভাবে এবং কত টাকা পেয়েছিল তা বিস্তারিতভাবে আদালতকে জানাচ্ছে মুম্বই হামলায় জড়িত এই জঙ্গি| মুম্বই হামলা সংক্রান্ত জবানবন্দিতে ইতিমধ্যে পাকিস্তান সেনা ও সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই-এর জড়িত থাকার কথা জানিয়েছে হেডলি| এছাড়াও হাফিজ সইদ ও জাকিউর রহমান লকভিকে নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে দিয়েছে সে|
2016-02-11

