নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): ভারতে ফের কমে গেল দৈনিক করোনা-সংক্রমণ, নিম্নমুখী মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬,৬১৭ জন, এই সময়ে ভারতে প্রাণ হারিয়েছেন ৮৫৩ জন করোনা-রোগী। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৫৯ হাজার ৩৮৪ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৩,৬২০ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৫,০৯,৬৩৭ জন (১.৬৭ শতাংশ)।
ভারতে ৩৪ কোটির গণ্ডি ছাড়িয়ে কোভিড-টিকাকরণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৪,০০,৭৬,২৩২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৪২,৬৪,১২৩ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৮৫৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,০০,৩১২ জন (১.৩১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৮,৮০,০২৬। নতুন করে ৪৬,৬১৭ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৪,৫৮,২৫১। ভারতে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ২.৪৮ শতাংশ।
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯৫,৪৮,৩০২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.০১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৪ কোটি ০০ লক্ষ ৭৬ হাজার ২৩২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

