নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : নববর্ষের শুভেচ্ছাতে দিল্লিতে কৃষক আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েই তিনি টুইট করে লেখেন, “আমার সমর্থন কৃষক ও শ্রমিকদের সঙ্গে রয়েছে, যারা সম্মান ও মর্যাদার সঙ্গে অন্যায়কারী শক্তির সঙ্গে লড়ছে।”
এক মাস আগে কৃষক আন্দোলন শুরু হওয়ার সময় থেকেই আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছে কংগ্রেস। নববর্ষের শুভেচ্ছাতে উঠে এল কৃষকদের কথা টুইটে রাহুল গান্ধী লেখেন, “নতুন বছরের শুরুতে আমরা যাদের হারিয়েছি, তাঁদের স্মরণ করি। যারা আমাদের সুরক্ষার জন্য আত্মত্যাগ করেন, তাঁদেরকেও ধন্যবাদ জানাই।
কৃষক ও শ্রমিকদের সঙ্গেই রয়েছে আমার সমর্থন, যারা অন্যায় শক্তির সঙ্গে সম্মান ও মর্যাদার সঙ্গে লড়াই করছেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।” গত ২৪ ডিসেম্বর রাহুল গান্ধী দলের অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানান।



















