আগরতলা, ১৭ অক্টোবর (হি.স.)৷৷ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন আগামী নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী সচেতনতামূলক সেমিনারের উদ্যোগ নিয়েছে৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী৷
তাঁর কথায়, কোভিড-১৯ জনিত অতিমারির কারণে মহিলা কমিশনের পক্ষ থেকে আপাতত কাউন্সিলিং বন্ধ রাখা হলেও আগামী মাস থেকে তা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী মাসে ত্রিপুরার প্রতিটি জেলায় জেলাভিত্তিক কাউন্সিলিং করা হবে৷ তিনি বলেন, নারী নির্যাতন রোধে মহিলা কমিশন সবসময় সক্রিয় রয়েছে৷ তবে এক্ষেত্রে শুধু নারীদেরই সচেতন হলে চলবে না, পুরুষদেরও নারী নির্যাতন রোধে এগিয়ে আসতে হবে৷ তবেই সমাজ থেকে এই ব্যাধি দূরীকরণে প্রকৃত সফলতা পাওয়া যাবে৷

