গুয়াহাটি, ১০ অক্টোবর (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম। আজ শনিবার ভোর ৬-টা ৯ মিনিটে চাম্পাই জেলা ও সংলগ্ন এলাকায় অনুভূত হয়েছে ভূমিকম্পের ঝাঁকুনি। রিখটার স্ক্যালে ভূমিকম্পের প্রাবল্য ধরা পড়েছে ৩.৬। মৃদু ভূকম্পনে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে গুয়াহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল চাম্পাইয়ের প্রায় পাঁচ কিলোমিটার গভীরে।
গতকাল শুক্রবার সকাল ৮:২১:১৬-টায় ৩.০ প্রাবল্যের ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াঙে। একইদিন মণিপুরে বেলা ৩:১২:৫০ সেকেন্ডে রিখটার স্ক্যালে ৩.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে।
প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ঘন ঘন ভূকম্প হচ্ছে। মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মিজোরামে গত কয়েক মাসে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির রিপোর্ট অনুযায়ী, মণিপুরে গত ১১ মে, ২৫ মে, ২৮ জুন, ৭ আগস্ট, ১১ অগাস্ট এবং ৩১ আগস্ট ভূমিকম্প হয়েছে। তেমনি অরুণাচল প্রদেশে গত ৭ এপ্রিল, ১৭ এপ্রিল, ১৭ মে, ৩০ জুলাই এবং ১২ আগস্ট, ২৪ আগস্ট ভূমিকম্প হয়েছে। এছাড়া, মিজোরাম এবং অসমেও একাধিকবার ভূমিকম্প হয়েছে।
একদিকে করোনা সংকট, অন্যদিকে ঘন ঘন সংঘটিত ভূমিকম্পে মানুষজন আতঙ্কিত। এরই সূত্রে এক জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে গুয়াহাটিতে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের সূত্রটি জানিয়েছে, গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৪২ বার ভূমিকম্প হয়েছে। সিসমিকের হিসেবে উত্তর-পূর্বাঞ্চলকে পাঁচের মধ্যে রাখা হয়েছে। তাই এই অঞ্চলে ঘন-ঘন ভূকম্প সংঘটিত হয়। এ ব্যাপারে সতর্কতাই একমাত্র অবলম্বন বলে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।


















