News Flash

  • Home
  • Uncategorized
  • নেশাবিরোধী অভিযানে গিয়ে ছুরিকাহত পুলিশের গোয়েন্দা কর্মী, উদ্ধার প্রায় চার লক্ষ টাকার ব্রাউনসুগার
Image

নেশাবিরোধী অভিযানে গিয়ে ছুরিকাহত পুলিশের গোয়েন্দা কর্মী, উদ্ধার প্রায় চার লক্ষ টাকার ব্রাউনসুগার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৮ জুন৷৷ নেশা বিরোধী অভিযানে গিয়ে ছুরিকাহত হয়েছেন গোয়েন্দা পুলিশের এক কর্মী৷ নেশা কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত গোয়েন্দা কর্মী জিএম উদ্দিনকে হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এদিকে, ঘটনার পর-পরই নেশা কারবারিরা পালাতে সক্ষম হয়েছে৷ তবে তারা দুই প্যাকেটে মোট ২৪ গ্রাম ব্রাউন সুগার ফেলে গেছে৷ পুলিশ ওই হেরোইন উদ্ধারে সক্ষম হয়েছে৷

উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর ২ নম্বর ওয়ার্ডে সংগঠিত এই ঘটনার খবর পেয়ে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ মহকুমা পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গেছেন৷ পুলিশ নেশা কারবারিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে৷

পুলিশ জানিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে গোপন সূত্রের ভিত্তিতে আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ, চোরাইবাড়ি থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর নেশা বিরোধী অভিযানের নেমে ওৎ পেতে বসেছিলেন৷ বেলা আড়াইটা নাগাদ লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের প্রেমতলা গৌরীপুর সড়কের ওপর ৪/৫ জন নেশা কারবারির এক দলকে আটক করেন গোয়েন্দা পুলিশের তিন কর্মী৷ তাদের তল্লাশি করে দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়৷ ওই সময় নেশা কারবারিরা গোয়েন্দা পুলিশের ওপর চড়াও হয়৷ গোয়েন্দা পুলিশ কর্মী সত্যেন্দ্র নাথ ও মহেন্দ্র নাথ তাদের কবল থেকে নিজেদের ছাড়িয়ে পালিয়ে যান৷ কিন্তু অপর গোয়েন্দা পুলিশ কর্মী জি এম উদ্দিনকে প্রচণ্ড মারধর করে রাস্তা থেকে তুলে নিয়ে জনৈক সুলেমান আলির বাড়িতে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে নেশাকারবারীরা৷ তার পেট ও পিঠে প্রচণ্ড আঘাত লেগেছে৷

ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে গুরুতরভাবে আহত গোয়েন্দা পুলিশ কর্মী জিএম উদ্দিনের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন৷ তখন নেশা কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ ততক্ষণে ঘটনার খবর পেয়ে চোরাইবাড়ি থানার পুলিশ ও মহাকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর ভাবে আহত গোয়েন্দা পুলিশ কর্মীকে কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন৷ কদমতলা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গোয়েন্দা পুলিশ কর্মী জিএম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ চিকিৎসকের বক্তব্য, ধারালো অস্ত্রের আঘাতে পিঠের চারটি স্থানে ও পেটের নাভির উপরে বেশ গভীর ভাবে ঘায়েল হয়েছে৷

ঘটনার খবর পেয়ে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফেন্সিং ডার্লং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান৷ ঘটনাস্থল থেকে নেশা কারবারিদের পায়ের জুতো সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ৷ স্থানীয় জনগণ নেশা কারবারিদের মধ্যে সিহাব আলি, সুলেমান আলিকে শনাক্ত করেছেন৷ তবে, বাকি তিন ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি৷ চোরাইবাড়ি থানার পুলিশ একটি টিআর ০৫ এ ৬৪৮৩ নম্বরের বাইক উদ্ধার করে থানায় নিয়ে গেছে৷ পাশাপাশি সুনির্দিষ্ট ধারায় চোরাইবাড়ি থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে অভিযুক্তদের জালে তুলতে মাঠে নেমে পড়েছে৷

এদিন নেশা কারবারিরা পালিয়ে গেলেও ওদের কাছ থেকে দুই প্যাকেটে ২৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ৷ যার বাজার মূল্য আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top