একটি দূর্ঘটনাকে কেন্দ্র করে সালিশি সভায় ফের মারধর, উত্তেজনা মান্দাইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ একটি দূর্ঘটনার জেরে ডাকা সালিশি সভায় এক যুবককে বেধরক মারধর করা হয়েছে৷ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় মান্দাইয়ের পাটনি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, পাটনি ফাঁড়ির বাসিন্দা সৌমেন দেববর্মার আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল গত রবিবার৷

নিমন্ত্রিত ছিল প্রতিবেশী বিভীষণ দেববর্মা, শিশির দেববর্মা নামে দুই যুবক৷ চম্পকনগরের তড়িৎ দেববর্মা ও চিত্ত দেববর্মা নামেও দুই যুবক নিমন্ত্রিত ছিল৷ সেদিন রাতে মোটর বাইক ও বলেরো গাড়ি নিয়ে দুই বন্ধুকে চম্পকনগর থেকে আনতে গিয়েছিল বিভীষণ, শিশির ও সৌমেন৷ সেখানে আনন্দ ফুর্তি করে বাইক নিয়ে বাড়ি ফিরছিল বিভীষণ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বলেরো গাড়িতে ধাক্কা দেয়৷ গুরুতর আহত হয় বিভীষণ৷ পরে জিরানীয়া ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে৷ পরে আইএলএসে রেফার করা হয়৷

গোটা বিষয়টি চাপা রাখা হয় বিভীষণের পরিবারের কাছে৷ যখন জানাজানি হয় তখন বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আহত যুবকের পরিবারের লোকজন৷ এনিয়ে মঙ্গলবার বসে সালিশি সভা৷ এই সালিশি সভাতেই আহত বিভীষণের পরিবারের লোকজন চড়াও হয় শিশির দেববর্মার উপর৷ তাকে বেধরক মারধর করা হয়েছে৷ এনিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷