News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত মহিলার অতি সংস্পর্শে আসা ১৭ জনের রিপোর্ট নেগেটিভ জানালেন মুখ্যমন্ত্রী
Image

করোনা আক্রান্ত মহিলার অতি সংস্পর্শে আসা ১৭ জনের রিপোর্ট নেগেটিভ জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার অতি সংস্পর্শে আসা ১৭ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আজ মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তাঁর আবেদন, অযথা আতঙ্কিত হবেন না৷
এদিকে, সন্ধ্যারাতে রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার অতি সংস্পর্শে আসা ১৭ জনের মধ্যে ৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ বাকি ৯ জনের লালা রস সংগ্রহে ত্রুটির কারণে পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি৷ তবে, এদিনই রাতের মধ্যে ওই নয়টি রিপোর্টও এসেছে৷ তাতে সকলেই নেগেটিভ৷ তাঁর দাবি, করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তাছাড়া, কোয়ারেন্টাইনে যাঁরা রয়েছেন তাঁদেরও এখন কোনও লক্ষণ দেখা যায়নি৷


মন্ত্রী বলেন, রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ তিনি জানান, উদয়পুরে ৩৯ জন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ২০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ এছাড়া, পশ্চিম জেলায় ২৮ জন, সিপাহিজলা জেলায় ১০ জন এবং দক্ষিণ জেলায় ১ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাঁর দাবি, প্রাতিষ্ঠানিক এবং বাড়িতে কোয়ারেন্টাইনে যাঁরা রয়েছেন তাঁরা সকলেই ভালো আছেন৷ এখনও করোনা ভাইরাসে আক্রান্তের কোনও লক্ষণ দেখা যায়নি৷


এদিকে, ওই মহিলার অতি সংস্পর্শে ছিলেন এমন ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাঁদের মধ্যে ৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তিনি জানান, ওই মহিলার স্বামী, মেয়ে, নাতনি, এক ভাই ও মা এবং অতি সংস্পর্শে আসা আরও তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ নিয়ে এদিন মাইক্রো বায়োলজিস্ট ডা. তপন মজুমদার বলেন, রিয়েল টাইম পিসিআর মাধ্যমে সমস্ত নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ এক্ষেত্রে অনলাইনে এনআইবি পুণে রিপোর্ট দেখছে৷ তাঁর দাবি, নির্দেশিকা মোতাবেক কোনও পজিটিভ রোগী পাওয়ার ১০ মিনিটের মধ্যে তা ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে৷ এর পরই তা ঘোষণা করা হয়৷ তিনি বলেন, ত্রিপুরার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলা এখন একদম সুস্থ৷ হালকা সংক্রমণ হয়েছে তাঁর৷ তবুও প্রতি ৪৮ ঘণ্টা অন্তর তাঁর নমুনা সংগ্রহ করা হবে৷ পর পর দুবার রিপোর্ট নেগেটিভ আসলে তাঁকে রোগমুক্ত বলে ঘোষণা করা হবে৷


এদিন ডা. তপন মজুমদার বলেন, ত্রিপুরায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন৷ তাই, হয়ত লালারস সংগ্রহে সামান্য ত্রুটি হয়েছে৷ ফলে, ৯ জনের পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তিনি বলেন, অনেকগুলি ধাপ পেরিয়ে ওই রিপোর্ট তৈরি হয়৷ ফলে, রিপোর্ট সম্পূর্ণ বিশ্বাসযোগ্য বলে দাবি করেন তিনি৷ সাথে যোগ করেন, আজ মধ্যে রাতের মধ্যেই ওই ৯ জনের রিপোর্ট এসে যাবে বলে তিনি জানিয়েছিলেন৷


রাতের মধ্যেই বাকি ৯ জনের রিপোর্ট চলে আসে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পৌণে ১২টা নাগাদ ট্যুইট করে বলেন কোভিড-১৯ আক্রান্ত ত্রিপুরার একমাত্র রোগীর অতি সংস্পর্শে আসা ১৭ জনেরই দ্বিতীয় দফার রিপোর্টে নেগেটিভ এসেছে৷ তারা সকলেই কোয়ারেন্টাইনে নজরদারীতে রয়েছেন৷ তিনি এদিন আবেদন করেন, অযথা আতঙ্কিত হবেন না৷ রাজ্য সরকারকে প্রত্যেকেই সহায়তা করুন৷ কোন সাহায্যের প্রয়োজন হলে সরকারের সাথে যোগাযোগ করুন৷ তাঁর দাবি, রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য আমরা দিনরাত কাজ করছি৷ তাঁর আরও আবেদন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন৷ একত্রিত ভাবে আমরা এই মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top