নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু আজ বিভিন্ন রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, লেফটেনেন্ট গভর্নর ও প্রশাসকদের সাথে এক ভিডিও কনফারেন্সে মিলিত হন৷ এই ভিডিও কনফারেন্সে কোভিড-১৯ প্রতিরোধে ভারত সরকারের গৃহীত উদ্যোগে কীভাবে যোগদান করা যায় সে বিষয়ে আলোচনা হয়৷ আলোচনার অঙ্গ হিসেবে ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস ত্রিপুরা সরকার এই রোগ সংক্রমণ প্রতিরোধে কী কী ব্যবস্থা নিয়েছে তা তুলে ধরেন৷ রাজ্যপালের প্রধান সচিব এস আর কুমারও এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, এ বিষয়ে এটা ছিলো রাষ্ট্রপতির সাথে রাজ্যপালের দ্বিতীয় ভিডিও কনফারেন্স৷
প্রসঙ্গত, করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশেই নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ এ-ক্ষেত্রে নজরদারিও জোরদার করা হয়েছে৷ তবে, এই ভাইরাস মোকাবিলায় নজরদারির ঘাটতি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাবে তা অস্বীকার করার সুযোগ নেই৷ ত্রিপুরায় এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি৷ কিন্তু প্রস্তুতিতে কোনও ঘাটতি না থাকে সে-দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে৷
ত্রিপুরার রাজ্যপাল রমেশ বৈস নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন৷ সম্প্রতি তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী-সহ শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷


















