ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৮১, সুস্থ হয়েছেন ৩ জন

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা| শুক্রবার বিকেলে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮১। এদিন এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

অন্যদিকে, সর্বাধিক আক্রান্তের সংখ্যা দক্ষিণ ভারতের রাজ্য কেরলে| কেরলে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭| সংক্রমিত ৭৫ জনের মধ্যে ৫৮ জন ভারতীয় নাগরিক এবং ১৭ জন বিদেশি নাগরিক, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন| কর্ণাটকে মৃত্যু হয়েছে একজনের|

কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী-ভারতে শুক্রবার বিকেলে করোনায় আক্রান্তের সংখ্যা ৮১| তাঁদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন| দিল্লিতে সংক্রমিত ৬ জন, হরিয়ানায় ১৪ জন (প্রত্যেকেই বিদেশি নাগরিক), কেরলে ১৯ জন (সুস্থ হয়েছেন ৩ জন), রাজস্থানে ৩ জন (একজন ভারতীয় নাগরিক এবং দু’জন বিদেশি নাগরিক), তেলেঙ্গানায় আক্রান্ত একজন, উত্তর প্রদেশে ১১ জন (১০ জন ভারতীয় নাগরিক এবং একজন বিদেশি নাগরিক), কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে আক্রান্ত ৩ জন, তামিলনাড়ুতে একজন, জম্মু ও কাশ্মীরে একজন সংক্রমিত, পঞ্জাবে আক্রান্ত একজন এবং কর্ণাটকে করোনায় সংক্রমিত ৬ জন (একজনের মৃত্যু হয়েছে), মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট ১৪জন আক্রান্ত হয়েছেন এবং অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা এক|

চিনের উহান থেকে আইটিবিপি’র কোয়ারান্টাইন সেন্টারে যে ১১২ জনকে আনা হয়েছিল শুক্রবার তাদের নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের সকলের শরীরে করোনার ভাইরাসের নমুনা না মেলায় প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে ক্যাম্প থেকে।