ঋষিকেশ (উত্তরাখণ্ড), ২ ফেব্রুয়ারি (হি.স.): মারণ-করোনাভাইরাস-আতঙ্ক এবার ছড়িয়ে পড়ল উত্তরাখণ্ডে। করোনাভাইরাস সংক্রমিত সন্দেহে উত্তরাখণ্ডের ঋষিকেশ-এর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস (এইমস)-এ ভর্তি করা হয়েছে একজন মহিলাকে। ঋষিকেশ এইমস-এ চিকিৎসা চলছে ওই মহিলার। চিকিৎসকরা ওই মহিলাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রেখেছেন। সম্প্রতি চিন থেকে ভারতে এসেছিলেন ওই মহিলা। তিনি করোনাভাইরাস আক্রান্ত কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
মরুরাজ্য রাজস্থানেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস-এর আতঙ্ক। রাজস্থানের আজমের-এর জওহরলাল নেহরু হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন একজন রোগী। তিনি করোনাভাইরাস আক্রান্ত কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রায় দেড় বছর ধরে চিনে ছিলেন ওই যুবক। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।


















