News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তির জন্য ব্রু শরণার্থীরা চাইছেন আলোচনা, প্রত্যাবর্তনের দাবিতে অনঢ় কাঞ্চনপুরবাসী

শান্তির জন্য ব্রু শরণার্থীরা চাইছেন আলোচনা, প্রত্যাবর্তনের দাবিতে অনঢ় কাঞ্চনপুরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ ত্রিপুরা বনধ-এর ফলে কাঞ্চনপুরের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন৷ ঘরবাড়ি ছেড়ে থানায় আশ্রয় নিয়েছিলেন তাঁরা৷ এতে চটে লাল হয়ে গেছেন কাঞ্চনপুরবাসী৷ কারণ ব্রু শরণার্থীরাই বাঙালিদের উপর হামলা করেছেন বলে অভিযোগ৷ ফলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে দাবি করে ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন নিশ্চিত করার দাবিতে অনড় কাঞ্চনপুরবাসী৷ এর ফলে কার্যত অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র মহকুমায়৷ তাই শান্তির জন্য সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিলেন ব্রু শরণার্থী নেতারা৷


উত্তর ত্রিপুরার জেলাশাসকের কাছে চিঠি দিয়ে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার প্রস্তাব দিয়েছেন তাঁরা৷ ব্রু শরণার্থী নেতা ব্রুনো মিসার দাবি, বনধের সময় কারোর ওপর হামলা করেননি ব্রু শরণার্থীরা৷ শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য তাঁদের ওপর রুষ্ট হয়েছেন বাঙালিরা৷ কিন্তু, তাঁরাই আমাদের পরম মিত্র, বলেন তিনি৷


নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আহূত ত্রিপুরা বনধ-এ বহু মানুষের ক্ষতি হয়েছে৷ তবে কাঞ্চনপুরের পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠেনি৷ সম্প্রতি প্রশাসনের উদ্যোগে আয়োজিত শান্তি বৈঠকে উন্নয়নমঞ্চ এবং নাগরিক সুরক্ষা মঞ্চ ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন সুনিশ্চিতের জোরালো দাবি জানায়৷ তাঁরা কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহারের প্রধান শর্ত হিসেবে ব্রু শরণার্থী প্রত্যাবর্তন সুনিশ্চিত করার বিষয়টি তুলে ধরেছিল৷


সম্প্রতি ব্রু শরণার্থী সংগঠনের পক্ষ থেকে উত্তর ত্রিপুরার জেলাশাসকের কাছে শান্তি বৈঠকের আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়৷ কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ জানিয়েছেন, ব্রু শরণার্থী সংগঠনের কাছ থেকে আলোচনার জন্য চিঠি পেয়েছেন উত্তর ত্রিপুরার জেলাশাসক৷ তবে এখনও আলোচনার দিনক্ষণ চূড়ান্ত হয়নি৷


এদিকে, এ-বিষয়ে ব্রু শরণার্থী সংগঠনের নেতা ব্রুনো মিসা বলেন, ব্রু শরণার্থীরা কারোর ওপর হামলা করেননি৷ ত্রিপুরা বনধ-এ যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য ব্রু শরণার্থীরা দায়ী নন৷ তাঁর দাবি, ভুল বোঝাবুঝির কারণে কাঞ্চনপুরবাসী ব্রু শরণার্থীদের ওপর রুষ্ট হয়েছেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় আশ্রয় নেওয়ার পর থেকে বাঙালিদের সাথে মিলেমিশে রয়েছি আমরা৷ কারণ, তাঁরা আমাদের পরম মিত্র৷ তাঁর দাবি, ত্রিপুরা বনধ-এ হামলা হুজ্জুতির জন্য ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তাতে একজনও ব্রু শরণার্থীর নাম নেই৷ ব্রুনো মিসা বলেন, ভুল-ভ্রান্তি দূর করার জন্যই আলোচনা করতে চাইছি৷ তাই জেলাশাসকের কাছে শান্তি বৈঠকের প্রস্তাব দিয়েছি৷


অবশ্য ব্রু শরণার্থীদের এই আবেদনে চিড়ে ভিজবে বলে মনে হচ্ছে না৷ কারণ, কাঞ্চনপুরবাসী তাঁদের মিজোরামে প্রত্যাবর্তনে অনড় রয়েছেন৷ এ-বিষয়ে উন্নয়ন মঞ্চের কনভেনর রঞ্জিত নাথ বলেন, ১৯৯৭ সালের পর থেকে ব্রু শরণার্থীরা বহুবার বাঙালিদের ওপর অত্যাচার করেছেন৷ তাদের জন্য বহু পরিবার উদ্বাস্তু হয়েছেন৷ তবুও সবকিছুই খোলামনে সহ্য করেছি আমরা৷ কিন্তু, এখন সহ্যের সমস্ত সীমা লঙ্ঘন করেছে৷ তাঁর কথায়, শান্তি প্রতিষ্ঠায় আমরাও ইচ্ছুক৷ তাই অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহার করেছি৷ কিন্তু, এতকাল ধরে ব্রু শরণার্থীদের অত্যাচারের জবাব দেওয়ার সময় এসেছে৷ তাঁর দাবি, বনধে-এর নামে ব্রু শরণার্থীরাই হামলা হুজ্জুতি করেছেন, তার ভিডিও ফুটেজ রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে ওই সমস্ত প্রমাণ তাঁর হাতে তুলে দিতে চাইছি৷


তিনি বলেন, ব্রু শরণার্থীদের শান্তি বৈঠকের প্রস্তাব নিয়ে প্রশাসনের তরফে কিছুই জানানো হয়নি৷ তবে তাঁদের মিজোরামে প্রত্যাবর্তন নিশ্চিত হলে যে কোনও বৈঠকে আমরা প্রস্তুত, বলেন তিনি৷ ফলে, উদ্ভূত ওই সমস্যার আদৌ সমাধান সম্ভব হবে কিনা, সংশয় দেখা দেওয়া স্বাভাবিক বলেই মনে হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top