নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ পূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরীর জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত৷ আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছেন স্পেশাল জজ এস দত্তপুরকায়স্থ৷

এ-বিষয়ে বাদল চৌধুরীর আইনজীবী রঘুনাথ মুখোপাধ্যায় বলেন, দুটি কারণে আজ আদালত তাঁর মক্কেলের জামিন আবেদন খারিজ করে দিয়েছে৷ তাঁর কথায়, বাদল চৌধুরীর জামিন আবেদন ইতিপূর্বে উচ্চ আদালত খারিজ করেছে এবং পূর্ত ঘোটালায় এজাহার চ্যালেঞ্জ মামলায় রায়দান স্থগিত রয়েছে৷ আগামী ১০ ডিসেম্বর ত্রিপুরা হাইকোর্ট রায় ঘোষণা দেবে৷ তাই, আজ দায়রা আদালতের স্পেশাল জজ বাদল চৌধুরীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন৷ রাঘুনাথবাবু বলেন, বাদল চৌধুরীর মামলায় পরবর্তী শুনানির দিন ১৭ ডিসেম্বর ধার্য করেছে আদালত৷
প্রসঙ্গত, পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিক বর্তমানে জেল হেফাজতে রয়েছেন৷ কিন্তু, ওই ঘোটালায় আরেক অভিযুক্ত পূর্ত দফতরের প্রাক্তন প্রধানসচিব তথা প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিং এখনও পলাতক৷ পুলিশ তাঁকে খুঁজছে৷ কিন্তু কোথাও হদিশ মিলছে না৷ ইতিমধ্যে ত্রিপুরা হাইকোর্টে ওয়াই পি সিঙের আগাম জামিনের আবেদন খারিজ করেছে৷

