News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী টু-এর আমলে শুরু জয়ের ধারাবাহিকতা জানালেন বিপ্লব
Image

মোদী টু-এর আমলে শুরু জয়ের ধারাবাহিকতা জানালেন বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ মোদী-টু-এর সময়কালে শুরু হয়ে গেল বিজেপি-র জয়ের ধারাবাহিকতা৷ মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, মোদীজির সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস মন্ত্রের প্রতি আস্থা এই নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হয়েছে৷ মহারাষ্ট্র ও হরিয়ানায় আবার বিজেপির ঐতিহাসিক জয়ের জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং মনোহরলাল খট্টরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি৷


বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী বলেন, মোদী টু-তে বিজেপির জয় শুরু করায় দুই রাজ্যের দলীয় কর্মীদের পাশাপাশি আমি জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি৷ তাঁর মতে, এই জয় সেই সময় এসেছে, যখন প্রতি পাঁচ বছরে দেশে সরকার পরিবর্তনের পরিবেশ চলছে৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল মন্ত্র ’’সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস’’ অনুসরণ করে বিজেপি সরকারগুলি জনকল্যাণমূলক কাজের জন্য যথাসাধ্য চেষ্টা করছে৷


তিনি উভয় রাজ্যের জন্য দক্ষ রণনীতি তৈরি করায় দলের রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ এবং তা অনুসরণ করার জন্য কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, হরিয়ানায় বিজেপির বিজয় নজিরবিহীন৷ কারণ দেশে প্রতি পাঁচ বছর পর সরকার পরিবর্তনের পরিবেশে দলটি আগের নির্বাচনের চেয়ে তিন শতাংশ বেশি ভোট নিয়ে বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে৷ তাঁর কথায়, মনোহরলাল খট্টর সরকার হরিয়ানার উন্নয়নের জন্য দুর্দান্ত প্রচেষ্টা চালিয়েছে৷ সুতরাং, পাঁচ বছর ধরে রাজ্যে সুচারুভাবে সরকার পরিচালনার পর, বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করা নিঃসন্দেহে একটি বড় সাফল্য৷


এদিন তিনি বলেন, মহারাষ্ট্রে পঞ্চাশ বছরে এই প্রথম, কোনও একজন মুখ্যমন্ত্রী টানা পাঁচ বছর তাঁর কার্যকালীন মেয়াদ শেষ করেছেন৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসাধারণ নেতৃত্ব এবং অমিত শাহের কুশল রণনীতির জন্যই এই ফলাফল করা সম্ভব হয়েছে৷ তিনি বলেন, পাঁচ বছরের কার্যকাল সম্পন্ন করার পর এই জোট দ্বিতীয়বার জয়ী হয়ে রেকর্ড তৈরি করেছে৷


এছাড়া মহারাষ্ট্র ও হরিয়ানায় দলের জয়ের জন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কঠোর পরিশ্রমের জন্য দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, খুব অল্প সময়ে নাড্ডা সাধারণ কর্মীদের হৃদয়ে জায়গা তৈরি করেছেন৷ ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, মোদী টু-এর সময়কালে শুরু জয়ের এই ধারাবাহিকতা অবিরত অব্যাহত থাকবে৷ অন্যান্য রাজ্যের বিধানসভা ও লোকসভা উপনির্বাচনে বিজেপি এবং তার জোটসঙ্গীদের ব্যাপক জয় এটা প্রমাণ করে যে, জনগণের মধ্যে প্রধানমন্ত্রী মোদীজির ক্যারিশমা দিন দিন বাড়ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top