মোগা (পঞ্জাব), ১০ অক্টোবর (হি.স.): মুক্তসার যাওয়ার পথে মোগা-কোটকাপুরা বাইপাসে দুর্ঘটনার কবলে পড়ল শিরোমণি অকালি দল (এসএডি)-এর নেতা বিক্রম সিং মাজিঠিয়ার কনভয়ের গাড়ি| বুধবার রাতে পঞ্জাবের মোগায় মোগা-কোটকাপুরা বাইপাসে বিক্রম সিংয়ের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া একটি ট্রাক| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) জওয়ানের, এছাড়াও আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন| ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ| তবে চালক পলাতক| মৃত সিআইএসএফ জওয়ানের নাম হল-গুড্ডু কুমার|

পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে মুল্লানপুর ডাখা থেকে মুক্তসার অভিমুখে যাচ্ছিল শিরোমণি অকালি দল (এসএডি)-এর নেতা বিক্রম সিং মাজিঠিয়ার কনভয়| রাতের অন্ধকারে মোগা-কোটকাপুরা বাইপাসে কনভয়ের একটি ইনোভা গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক| ট্রাকের ধাক্কায় গাড়িটি রাস্তার উপর উল্টে যায়| দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক| তবে, ট্রাকটিকে আটক করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার মৃত্যু হয়েছে গুড্ডু কুমার নামে একজন সিআইএসএফ জওয়ানের| এছাড়াও ৫ জন গুরুতর আহত হয়েছেন| আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, কনভয়ের অপর একটি গাড়িতে ছিলেন বিক্রম সিং| বিক্রমের গাড়িটি অনেক দূর এগিয়ে গিয়েছিল, তাই দুর্ঘটনা সম্পর্কে তত্ক্ষণাত্ জানতে পারেননি তিনি| ট্রাক চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ|


















