News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিতেই উপনির্বাচন, ভোট পড়ল ৭৯.২৯ শতাংশ
Image

শান্তিতেই উপনির্বাচন, ভোট পড়ল ৭৯.২৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ সাঙ্গ হল বাধারঘাট আসনের উপনির্বাচন৷ ওই কেন্দ্রে আজ ভোট পড়েছে ৭৯.২৯ শতাংশ৷ তবে, ২০১৮ বিধানসভা নির্বাচনের তুলনায় এদিন প্রায় ১২ শতাংশ ভোট কম পড়েছে৷ নির্বাচনের রিটার্নিং অফিসার জানিয়েছেন, বাধারঘাটে ৪৫,৯১৮টি ভোট পড়েছে৷ তবে, ভোট শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে৷ কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বলেন তিনি৷


এদিন সকাল থেকেই বাধারঘাট উপনির্বাচনে ৭১টি বুথে সকাল ৭-টা থেকে ভোট গ্রহণ শুরু হয়৷ মোক-পোল চলাকালীন ৩-টি এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পর ২-টি ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল৷ তবে, সঙ্গে সঙ্গেই এভিএমগুলি বদল করা হয়েছে, জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ তাঁর কথায়, তুলনামূলকভাবে নির্বিঘ্নে ভোট পর্ব সমাপ্ত হয়েছে৷ ভোট কারচুপি বা রিগিংয়ের কোনও অভিযোগ এখনও মিলেনি৷


বাধারঘাট আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং এসইউসিআই প্রতিদ্বন্দ্বিতা করছে৷ বিজেপি প্রার্থী মিমি মজুমদার, কংগ্রেস প্রার্থী রতনচন্দ্র দাস, বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বুল্টি বিশ্বাস এবং এসইউসিআই প্রার্থী মৃদুলকান্তি সরকার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
উপনির্বাচনে সব দলই জয় নিয়ে আশা প্রকাশ করেছে৷ বিজেপি প্রার্থী মিমি মজুমদার বলেন, ভোটারদের উৎসাহ দেখে নিশ্চিত উপনির্বাচনে তিনি জয়ী হবেনই৷ মিমির দাবি, নির্বাচন শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে৷ এদিকে, সিপিএম প্রার্থী বুল্টি বিশ্বাস এবং কংগ্রেস প্রার্থী রতনচন্দ্র দাসও জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত দাবি করেছেন৷ সিপিএম প্রার্থী বলেন, এদিন সকালে কয়েকটি বুথে সিপিএমের পুলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি৷ কংগ্রেস প্রার্থী রতনচন্দ্র দাস বলেন, বাধারঘাট উপনির্বাচনে ভোটাররা বিজেপিকে পরাস্ত করে মোক্ষম জবাব দেবেন৷


আজকের উপনির্বাচনে চারস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অজিতপ্রতাপ সিংহ জানিয়েছেন৷ তিনি বলেন, সমস্ত বুথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এছাড়া পুলিশ এবং টিএসআর বাহিনীও নিরাপত্তার দায়িত্বে রয়েছে৷ বুথে নিরাপত্তার সাথে বিধানসভা ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিএসএফ এবং সিআরপিএফ জওয়ানরা টহলদারিতে ছিলেন৷ এদিকে, উপনির্বাচনে ৬ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিল৷


এদিন বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনের রিটার্নিং অফিসার তপন দাস বলেন, আজ ৭৯.২৯ শতাংশ ভোট পড়েছে৷ ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে৷ কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি৷ তিনি জানান, অধিকাংশ বুথেই নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট সমাপ্ত হয়েছে৷ এদিকে, ভোট কর্মীরাও ইতিমধ্যে ইভিএম স্ট্রং রুমে জামা দিয়েছেন৷


প্রসঙ্গত, বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনে ২০১৮ বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় ১২ শতাংশ ভোট কম পড়েছে৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে ৯২.২৬ শতাংশ ভোট পড়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top