News Flash

  • Home
  • Uncategorized
  • ১৬৪৫টি বুথের মধ্যে ১৪২৪টি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী : ডিজিপি
Image

১৬৪৫টি বুথের মধ্যে ১৪২৪টি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী : ডিজিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ ত্রিপুরা পূর্ব আসনে লোকসভা নির্বাচনে ১,৪২৪টি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও বিভিন্ন রাজ্যের সশস্ত্র বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকছে৷ ভোটে মোট ১০৬ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে৷ তাছাড়া, চার হাজারের অধিক টিএসআর জওয়ান নিরাপত্তায় নিয়োজিত থাকবেন৷ তাই, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ত্রিপুরা পুলিশের মহানির্দেশক একে শুক্লা ভোটারদের অভয় দিয়েছেন৷
ডিজিপির কথায়, ১,৬৪৫টি বুথের মধ্যে ১,৪২৪টি বুথেই নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ টিএসআর এবং পুলিশ কর্মীদেরও পর্যাপ্ত হারে ভোটের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে৷ ফলে, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে, আশা প্রকাশ করেন তিনি৷ প্রসঙ্গত, গতকাল ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকও ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অভয় দিয়েছিলেন৷


মঙ্গলবার ত্রিপুরা পূর্ব আসনে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে৷ সে মোতাবেক নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি নেই বলে দাবি করেছে রাজ্য পুলিশ৷ সোমবার সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক একে শুক্লা আশ্বাস দেন, ত্রিপুরা পূর্ব আসনে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে৷ তার জন্য পুরো ব্যবস্থা করা হয়েছে৷ ডিজিপি-র কথায়, রাজ্যে আগেই ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে৷ পূর্ব ত্রিপুরা আসনে ভোটের জন্য আরও ৪২ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক ও বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ এসে পৌঁছেছে৷ সাথে তিনি যোগ করেন, চার হাজারের অধিক টিএসআর এবং ২০০ পুলিশ অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন৷ তিনি আরও জানান, ২,৬০০-এর অধিক সিভিল পুলিশও ভোটে নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে৷


ডিজিপি বলেন, ত্রিপুরা পূর্ব আসনে ১,৬৪৫টি বুথ রয়েছে৷ তার মধ্যে ৩১টি বুথ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে৷ তাছাড়া, ১৯০টি বুথে শুধু টিএসআর জওয়ানরা নিরাপত্তা সামলাবেন৷ বাকি ১,৪২৪টি বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী৷ তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি চার হাজারের অধিক টিএসআর জওয়ান এবং ২,৬০০-এর অধিক সিভিল পুলিশও ভোটে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন৷ তাঁদেরকে সাহায্য করার জন্য থাকবেন ২০০ জন পদস্থ পুলিশ আধিকারিক৷ ডিজিপি বলেন, ১০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সাথে একজন করে বাহিনী কমান্ডেন্ট রয়েছেন৷ ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে তাঁদের পেট্রোলিংয়ে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে৷


এদিন ডিজিপি আরও জানান, ত্রিপুরা পূর্ব সংসদীয় ক্ষেত্রে ১৯৭ থানা এলাকায় সংশ্লিষ্ট থানার পুলিশ মোবাইল ভ্যান নিয়ে ইতিমধ্যেই নজরদারি জারি রেখেছে৷ তাছাড়া ১১৩টি নাকা গড়ে তোলা হয়েছে৷ সেখানে বিভিন্ন যানবাহনের গতিবিধির ওপর পুরো নজর রাখা হচ্ছে৷ শুধু তা-ই নয়, ৯০টি স্ট্যাটিক সারভেইল্যান্স টিম এবং ৯০টি ফ্লাইং স্কোয়াড প্রতিয়িনত নজরদারি জারি রেখেছে৷ তাঁর কথায়, ১৫৪টি অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং টিএসআর যৌথ নজরদারি রেখেছে৷ তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় সমস্ত দিক পর্যবেক্ষণের জন্য ১৯৬ জন সিভিল সেক্টর অফিসার এবং ১৯৬ জন পুলিশ সেক্টর অফিসার রয়েছেন৷ তাছাড়াও, প্রত্যেকটি থানা এবং জেলা সদরে পর্যান্ত পুলিশ রিজার্ভে রাখা হয়েছে৷ ফলে, ভোট প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তার কোনও কারণ নেই, অভয় দিয়ে বলেন ত্রিপুরার ডিজিপি৷


তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্ভয়ে ভোট দিতে যান৷ সাথে সতর্ক করে দেন, কেউ আইন হাতে তুলে নেবেন না৷ কাউকে ভোটাধিকার প্রয়োগ করতেও বাধা দেবেন না৷ এমন কোনও অপরাধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর সাফ কথা, ত্রিপুরা পূর্ব আসনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ কোনও গণ্ডগোল হলে তা শক্ত হাতে দমন করা হবে৷ পাশাপাশি তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, গুজবে কেউ কান দেবেন না ৷ অস্বাভাবিক কোনও ঘটনা নজরে আসলে তা পুলিশকে জানাবেন ৷ এদিন প্রত্যয়ের সাথে তিনি বলেন, নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে ত্রিপুরা পুলিশ ও নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top