News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব আসনে ৮৫ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় আধাসেনা, অভয় দিলেন সিইও
Image

পূর্ব আসনে ৮৫ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় আধাসেনা, অভয় দিলেন সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ পূর্ব ত্রিপুরা আসনে ৮৫ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী৷ তাছাড়া, বাড়ানো হয়েছে টিএসআর বাহিনীর সংখ্যাও৷ তাই নির্ভয়ে ভোট দিন৷ পূর্ব আসনের ভোটারদের এভাবেই অভয় দিলেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ তাঁর কথায়, ভোট দেওয়া জনগণের অধিকার৷ তাঁদের এই অধিকার রক্ষায় নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ৷ তাঁর আশ্বাস, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে কমিশন৷


রবিবার ত্রিপুরা পূর্ব আসনে সরব প্রচার সমাপ্ত হয়েছে৷ সরব প্রচার সমাপ্ত হতেই ত্রিপুরায় ছয়টি জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব সংসদীয় ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ এ-বিষয়ে আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ২৩ এপ্রিল ত্রিপুরা পূর্ব আসনে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ১,৬৪৫টি বুথে ভোট গ্রহণ করা হবে৷ তিনি জানান, ভোটারদের মনোবল বাড়াতে এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছে গেছে৷ ফলে, ভোটের দিন কেউ ভোটারদের ভোটদানে বাধা দিলে তা কমিশনের নজরে আসবে৷ তিনি সতর্ক করে বলেন, ভোটাররা নিজেদের ভোট দিন৷ কিন্তু, অন্য ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেবেন না ৷ তা-হলে, ভোটদানে বাধা দেওয়ার জন্য কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷


মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনে ৮৫ শতাংশ বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে৷ তাছাড়া, অতিরিক্ত টিএসআর বাহিনীও ভোটের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে৷ এদিন তিনি ভোটকর্মীদের কাছে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান রেখেছেন৷ তাঁর বার্তা, ভোটদানে বাধা দেওয়া লজ্জাজনক ঘটনা ৷ এক্ষেত্রে ভোট কর্মীরা নিজেদের দায়িত্ব নির্ভয়ে পালন করলে এ ধরনের ঘটনা এড়ানো খুবই সহজ৷
তিনি ভোট কর্মীদেরও অভয় দিয়ে বলেন, কারোর কাছে মাথা নত করবেন না ৷ ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা আপনাদেরও দায়িত্ব৷ কারোর ভয়ে এই দায়িত্ব পালনে পিছিয়ে যাবেন না ৷ আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷ সাথে যোগ করেন, পোলিং এজেন্টরাও নির্ভয়ে বুথে যান৷ প্রয়োজনে সেক্টর অফিসাররা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন৷
কিন্তু, ভোট প্রক্রিয়ায় গড়মিল ধরা পড়লে কোনও ভোট কর্মীকে রেহাই দেওয়া হবে না৷ এমন-কি, পোলিং এজেন্টদেরও ক্ষমা করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷ তাঁর কড়া বার্তা, ভোটে কারচুপির সাথে জড়িত প্রমাণ হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর বক্তব্য, প্রায় সব বুথে ওয়েবকাস্টিং এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে৷ ফলে, ভোটে কারচুপি হলে তা ধরা পড়বেই৷ মুখ্য নির্বাচন আধিকারিক দাবি করেন, রাজ্যে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ পাশাপাশি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমস্ত অভিযোগ সময়মতো নিস্পত্তি করা হবে৷ শ্রীরাম তরণিকান্তির দাবি, ভোট নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশন দায়বদ্ধ৷
এদিকে, সোমবার ১৬টি কেন্দ্র থেকে ভোট কর্মীরা ভোট কেন্দ্রের দিকে রওয়ানা দেবেন বলে মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top