আগরতলা, ৮ অক্টোবর: প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাঁর প্রয়াণকে অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক বলে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবার, অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া, তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতনললা নাথ সহ মন্ত্রী সুশান্ত চৌধুরী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজের বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হন নানা পাটেকর। তাঁকে দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের প্রায় ৪৫ মিনিটের চেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল প্রায় ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি সামাজিক মাধ্যমে লিখেন, শক্তিশালী অভিনয়, স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং স্মরণীয় চরিত্রায়নের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন নানা পাটেকর। তাঁর প্রয়াণ শিল্প ও চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
এদিকে, বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, ‘অঙ্কুশ’, ‘প্রহার’ থেকে ‘ক্রান্তিবীর’ সহ একাধিক ছবিতে তাঁর শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছেন। স্বতন্ত্র কণ্ঠস্বর, তীব্র অভিনয়শৈলী এবং চরিত্রের মধ্যে গভীরতা ফুটিয়ে তোলার অসাধারণ ক্ষমতার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের অনন্য পরিচয় তৈরি করেছিলেন নানা পাটেকর।
ভারতীয় সিনেমায় তাঁর উল্লেখযোগ্য অবদান আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি, মন্ত্রী রতন লাল নাথ এবং মন্ত্রী সুশান্ত চৌধুরীও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।



















