আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আঠারোমুড়া পাহাড় সংলগ্ন জঙ্গল ও গ্রামীণ এলাকা ছেড়ে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে ডিএম কলোনি, মহারানীপুর ও নেতাজিনগর এলাকায়। আচমকা জনবসতিপূর্ণ এলাকায় হাতির উপস্থিতিতে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়।
স্থানীয়দের কথায়, সন্ধ্যার সময় আচমকাই লোকালয়ের মধ্যে দাঁতাল হাতিটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। নিরাপত্তার কথা মাথায় রেখে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অনেকেই দূর থেকে হাতিটির গতিবিধি লক্ষ্য করতে থাকেন।
জঙ্গল সংলগ্ন এলাকায় হাতির আনাগোনা নতুন নয়।
তবে সন্ধ্যার সময় এভাবে জনবসতির মধ্যে দাঁতাল হাতি ঢুকে পড়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। হাতিটি কোন পথে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত কোথায় অবস্থান নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাতিটির গতিবিধির উপর নজর রাখতে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



















