আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনের গণনা ঘিরে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। মুঙ্গিয়াকামি আরডি ব্লকে গণনা কেন্দ্র পরিদর্শন করে তিনি দাবি করেন, ভোটের দিন এবং গণনার দিন উভয় ক্ষেত্রেই পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।
মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। মুঙ্গিয়াকামি এলাকায় বিজেপি, তিপরা মথা-সহ জোটের নেতারা উপস্থিত রয়েছেন। তাঁর দাবি, মথার যেসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁরা ইতিমধ্যেই জয়ী হয়েছেন। বাকি ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
তিনি বলেন, মুঙ্গিয়াকামী মূলত ভুল বোঝাবুঝির কারণে কিছু আসনে নির্বাচন হয়েছে। মথা জিতলেও সেটি তাঁদের জয় এবং বিজেপি জিতলেও সেটি তাঁদের জয় বলে মন্তব্য করেন তিনি। কারণ, বিজেপি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি নিয়ে গঠিত ত্রিদলীয় জোটের মধ্যে পারস্পরিক সমঝোতা রয়েছে বলে জানান মন্ত্রী।
বিকাশ দেববর্মা আরও বলেন, জোটের লড়াই মূলত সিপিআই(এম)-এর বিরুদ্ধে। তাঁর দাবি, মুঙ্গিয়াকামী এলাকায় মানুষ সিপিআই(এম)-কে প্রত্যাখ্যান করেছে এবং জোটের প্রার্থীদেরই সমর্থন করেছে।
গণনা শান্তিপূর্ণভাবে চলছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, জোটের প্রার্থীরাই অধিকাংশ আসনে জয়ী হবেন। গণনা শেষে চূড়ান্ত ফলাফল স্পষ্ট হবে।
























