শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের মধ্যে ভোটদানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ।
এদিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। স্ত্রী ও মায়ের সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। অন্যদিকে, দেবীপুর ভিলেজের ৩ নম্বর বুথে ভোট দেন এমডিসি কেনারাম রিয়াং। পাশাপাশি, সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংকেও।
ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন বুথে বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে সৌজন্য বিনিময়ের ছবিও ধরা পড়ে। কোথাও কোথাও দুই দলের কর্মী-সমর্থকদের পরস্পরের সঙ্গে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও ভোটের দিন পারস্পরিক সৌজন্যের এই ছবি নজর কাড়ে।
এদিকে, বগাফা ব্লকের ১৪টি ভিলেজ কাউন্সিলের দখল নিয়ে এনডিএ জোটের দুই শরিক দল বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যেই আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দলের পক্ষে যায়, তা স্পষ্ট হবে নির্বাচনের ফলাফল প্রকাশের পরই।
অন্যদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে নজরদারি চালানো হচ্ছে।
সব মিলিয়ে, দুপুর পর্যন্ত বগাফা ব্লকের ১৪টি ভিলেজের ৪৬টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে। বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন এবং উৎসবমুখর পরিবেশে এদিনের নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণের ছবি উঠে এসেছে।



















