আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক ও উন্নত মানের চিকিৎসা পরিষেবার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে নতুন ১৮টি আইসিইউ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন উন্নতমানের জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া পরিষেবার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের ভরসার স্থল। এই বিষয়টি মাথায় রেখেই সরকারি হাসপাতালগুলিতে আধুনিক ও উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এর ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার প্রবণতাও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, শুধু চিকিৎসা পরিষেবার উন্নয়ন নয়, মেডিকেল শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করছে। প্রস্তাবিত হেলথ ইউনিভার্সিটির কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সরকার সংবেদনশীল এবং মানুষের কাছে দায়বদ্ধ বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আরও সহানুভূতিশীল ও সুন্দর ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
মুমূর্ষু রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স যাতে দ্রুত হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে পৌঁছতে পারে, সেজন্য গ্রিন করিডোরের ব্যবস্থাও সরকার করছে বলে জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ তপন মজুমদার এবং জিবি হাসপাতালের সুপার ডাঃ বিধান গোস্বামী।



















