সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন ভবানীপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে। মৃত শিশুকন্যার নাম আমেনা খাতুন। সে ওই এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথামতো বাড়ির গবাদি পশুর ঘর থেকে পশুর বাঁধন খুলতে যায় আমেনা। সেই সময় আচমকাই একটি বিষধর সাপ তার পায়ে দংশন করে। পায়ে সামান্য ব্যথা অনুভব হওয়ায় বিষয়টি সঙ্গে সঙ্গে মাকে জানায় সে।
এরপর পরিবারের সদস্যরা দ্রুত গবাদি পশুর ঘরে ছুটে গেলে সেখানে একটি বিষধর সাপ দেখতে পান। দেরি না করে আমেনাকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মেলাঘরস্থিত সোনামুড়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুকন্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা ও আত্মীয়-স্বজনরা। চতুর্থ শ্রেণির পড়ুয়া আমেনার আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















