আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে সামনে রেখে নিজেদের উদ্যোগেই পুজোর যাবতীয় প্রস্তুতি সারতে ব্যস্ত তাঁরা। ঊনকোটি জেলার কুমারঘাটের সায়দাবাড়িতে অবস্থিত ১৫ নম্বর টিএসআর ব্যাটেলিয়ন ক্যাম্পে এখন সাজো সাজো রব।
সামনেই বিশ্বকর্মা পুজো। আর সেই পুজোকে ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। ক্যাম্পের জওয়ানদের উদ্যোগে তৈরি হচ্ছে বিশাল পুজোমণ্ডপ। কেউ ব্যস্ত প্যান্ডেল তৈরির কাজে, কেউ আবার প্রতিমা নির্মাণ ও রংয়ের কাজে। পুজোর যাবতীয় আয়োজন নিজেদের হাতেই গড়ে তুলছেন জওয়ানরা।
সকাল থেকে রাত পর্যন্ত কঠোর কর্তব্য পালনের পাশাপাশি চলছে প্যান্ডেল নির্মাণ, প্রতিমা তৈরি, রং করা এবং আনুষঙ্গিক সাজসজ্জার কাজ। পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। এবছর কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে পুজোমণ্ডপ। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রতিদিনই জোরকদমে চলছে নির্মাণকাজ।
এ বিষয়ে ১৫ নম্বর টিএসআর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট নবদ্বীপ জমাতিয়া জানান, অন্যান্য বছরের মতো এবছরও ক্যাম্পে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা, রং এবং অন্যান্য সাজসজ্জার কাজ জওয়ানরাই নিজেদের উদ্যোগে করছেন। নিজেদের সামর্থ্য ও নির্দিষ্ট বাজেটের মধ্যেই সুন্দরভাবে পুজো সম্পন্ন করার চেষ্টা চলছে।
পুজোর এই আয়োজন শুধু ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মানবিকতার বার্তাও তুলে ধরতে উদ্যোগী হয়েছে টিএসআর ব্যাটেলিয়ন। কমান্ডেন্ট জানান, বিগত বছর বিশ্বকর্মা পুজোর সময় স্থানীয় একটি অনাথ আশ্রমে বস্ত্র বিতরণ করেছিলেন জওয়ানরা। সেই ধারা বজায় রেখে এবছরও পুজোর দিনে এলাকার দরিদ্র ও দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলে একদিকে যেমন সাধারণ মানুষের নিরাপত্তার কঠোর দায়িত্ব পালন করছেন জওয়ানরা, অন্যদিকে নিজেদের উদ্যোগে উৎসবের আয়োজন করে আনন্দ ভাগ করে নিচ্ছেন তাঁরা। কর্তব্যের কঠোরতার মাঝেও উৎসবের আনন্দ এবং মানবিকতার এক অনন্য ছবি ফুটে উঠছে সায়দাবাড়ির ১৫ নম্বর টিএসআর ব্যাটেলিয়ন ক্যাম্পে।
বিশ্বকর্মা পুজোকে ঘিরে ইতিমধ্যেই নতুন সাজে সেজে উঠতে শুরু করেছে গোটা ক্যাম্প চত্বর।
………



















