News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির
Image

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী অক্টোবর মাস থেকে ধারাবাহিক আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। পাশাপাশি আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে সিপিআইএম-সহ বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিন সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব সুধন দাস বলেন, দেশজুড়ে দলিতদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। বিভিন্ন ঘটনাকে উল্লেখ করে তিনি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের নীতিরও তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থা, সংরক্ষণ এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও দলিত ও পিছিয়ে পড়া অংশের মানুষ সংকটের মুখে পড়ছেন।

রাজ্যের পরিস্থিতি নিয়েও সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ কমেছে, গ্রামীণ এলাকায় কাজের অভাব দেখা দিয়েছে এবং বহু যুবক-যুবতী কাজের সন্ধানে রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এডিসি ভিলেজ কমিটি নির্বাচন প্রসঙ্গে সুধন দাস বলেন, মোট ৫৬৬টি ভিলেজ কমিটিতে ৪,৫৯৭টি আসন রয়েছে। এর মধ্যে তপশিলি জাতির জন্য ১৭৮টি, জনজাতিদের জন্য ৪,০২৫টি এবং সাধারণ শ্রেণির জন্য ৩৯৪টি আসন রয়েছে বলে জানান তিনি।

তাঁর দাবি, নির্বাচনে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল। কিন্তু জোরজবরদস্তি, হামলা ও বিভিন্ন চাপের মাধ্যমে ৩০০-রও বেশি প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এখনও প্রায় ১৫১ জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন বলে দাবি করেন তিনি।

সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়ে সুধন দাস বলেন, জনগণ যাতে স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে এডিসি নির্বাচনে সিপিআইএম-সহ বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই ঘোষিত দশ দফা দাবিকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলন চালানো হবে। দাবিগুলির মধ্যে অন্যতম হলো অবিলম্বে জাতভিত্তিক জনগণনা করা, সকলের জন্য সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষা নিশ্চিত করা এবং সমস্ত সরকারি ও আধা-সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ করা।
সুধন দাসের দাবি, রাজ্যে বিপুল সংখ্যক সরকারি পদ শূন্য রয়েছে। সেই শূন্যপদ দ্রুত পূরণ করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

এছাড়াও গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ৬০০ টাকা মজুরি, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব, গৃহহীনদের জন্য পাঁচ লক্ষ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ, সামাজিক ভাতা পাঁচ হাজার টাকা করা এবং উপযুক্ত সকলকে ভাতার আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিদ্যুতের ক্ষেত্রে প্রতিটি পরিবারকে মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার দাবিও তুলেছে সংগঠনটি। পাশাপাশি মৎস্যজীবী, কৃষিজীবী, কারিগর ও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের পেশাগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রেশন ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবিও জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাস থেকেই দশ দফা দাবিতে আন্দোলন আরও তীব্র করা হবে। নভেম্বর মাসে রাজ্যের বিভিন্ন ব্লক, মহকুমা এবং নগর এলাকায় গণডেপুটেশন কর্মসূচি পালন করা হবে। এরপর ডিসেম্বরের শেষ নাগাদ রাজ্যস্তরে বড় জমায়েতের মাধ্যমে আন্দোলনকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সুধন দাস বলেন, সংগঠনের দাবিগুলির একটি অংশ তপশিলি জাতির মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত হলেও অধিকাংশ দাবিই সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত। তাই এই আন্দোলনে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলন থেকে ফের একবার আসন্ন এডিসি নির্বাচনে বামপন্থী প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

Leave a Reply

Scroll to Top