আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগরু হলিক্রস রোড এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ টিআর-০৮-এ-৭১৭২ নম্বরের একটি বাইক নতুনবাজার এলাকার বাসিন্দা বিরেশ রিয়াং (৩১)-কে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন বিরেশ রিয়াং।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এবং অভিযুক্ত বাইকটিকে আটক করতে তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ। পলাতক বাইকচালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।



















