শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ জেলার শান্তিরবাজারে নির্মীয়মাণ আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
পরিদর্শনকালে মন্ত্রী নির্মীয়মাণ মোটরস্ট্যান্ডের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রকল্পে উন্নতমানের বিভিন্ন নাগরিকসুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি।
নির্মাণকাজের গুণগত মান যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিক ও নির্মাণ সংস্থাকে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রী বলেন, রাজ্যের নাগরিকদের নিরাপদ, স্বচ্ছন্দ ও উন্নত পরিবহন পরিষেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবহন পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শান্তিরবাজারের এই আধুনিক মোটরস্ট্যান্ডটি চালু হলে এলাকার যাত্রী ও পরিবহন পরিষেবার ক্ষেত্রে আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
























