আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম কাঞ্চনমালা এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল পরেশ মজুমদার, প্রবীর মজুমদার এবং প্রশান্ত চৌধুরীর বাড়িতে হানা দিয়ে তিনটি গরু চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। চুরি হয়ে যাওয়া গরুগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে চুরির বিষয়টি প্রথম নজরে আসে পরিবারের সদস্যদের। গরু না দেখতে পেয়ে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনাটি তদন্ত করে।
ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল শুধু এই তিনটি বাড়িতেই নয়, এলাকার আরও কয়েকটি বাড়িতে গরু চুরির চেষ্টা চালিয়েছিল। তবে অন্যান্য বাড়িতে তাদের সেই চেষ্টা সফল হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগেও কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকায় একই কায়দায় পরপর দুইটি বাড়ি থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছিল। দীর্ঘদিন পর ফের একই এলাকায় একই ধরনের চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গো-পালকদের মধ্যে।
এদিকে, ভুক্তভোগী পরেশ মজুমদার জানান, গরুর দুধ বিক্রি করেই মূলত তাঁর সংসার চলে। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ লিটার দুধ বিক্রি করতেন তিনি। ফলে গরু চুরি হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে যেমন ক্ষতির মুখে পড়েছেন, তেমনই মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানান।
একই রাতে একই পাড়ার তিনটি বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনায় এলাকার অন্যান্য গো-পালকরাও উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, চোরের দল ফের সক্রিয় হয়ে উঠলে আগামী দিনে আরও বাড়িতে গরু চুরির ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী পরেশ মজুমদার, প্রবীর মজুমদার ও প্রশান্ত চৌধুরী দ্রুত চুরি যাওয়া গরুগুলি উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত চোরদের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, পুলিশ সক্রিয়ভাবে তদন্ত চালালে চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।



















