আগরতলা, ৯ সেপ্টেম্বর: ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ঘটনায় মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত ২৯ আগস্ট বিকেলে শান্তিকামী ক্লাব
সংলগ্ন সুকান্ত পল্লী এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। মামলার তদন্তকারী অফিসার এসআই জয়নাল হোসেনের নেতৃত্বে তদন্ত চালিয়ে গৌতম দেব নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে।
ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গৌতম দেবকে গ্রেপ্তারের পর এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এ ধরনের অপরাধের ঘটনায় পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে বলে জানানো হয়েছে।


















