আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য পর্যাপ্ত হুইলচেয়ার ও ট্রলির ব্যবস্থা না থাকার অভিযোগে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।
অভিযোগ, জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের এক ওয়ার্ড থেকে অন্যত্র নিয়ে যেতে কিংবা হাসপাতালের বিভিন্ন বিভাগে পৌঁছাতে সমস্যায় পড়ছেন রোগীর পরিজনরা। বিশেষ করে গুরুতর অসুস্থ ও চলাফেরায় অক্ষম রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে বলে অভিযোগ।
হাসপাতালের পরিষেবা ও রোগীদের সমস্যার দিকে কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের পরিজনদের একাংশ।
তাঁদের অভিযোগ, রোগীরা যখন হাসপাতাল চত্বরে হুইলচেয়ার ও ট্রলির অভাবে সমস্যায় পড়ছেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্তাদের নজরদারি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রোগীদের স্বার্থে পর্যাপ্ত সংখ্যক হুইলচেয়ার ও ট্রলি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিষেবা ব্যবস্থায় নিয়মিত নজরদারি ও দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।
























