আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে মান্দাইয়ের ১১ নম্বর মান্দাই বিধানসভা কেন্দ্রের লরি বাজার থেকে দিনান কোবরা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক। বিশেষ করে বর্ষার মরশুমে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও কাদায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। এর ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, এডিসি এলাকার বিভিন্ন রাস্তাঘাটের পরিকাঠামো দীর্ঘদিন ধরেই সমস্যায় জর্জরিত। লরি বাজার থেকে দিনান কোবরা পর্যন্ত রাস্তাটিও দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে বেল কোবই এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর বক্তব্য, প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। জরুরি পরিষেবার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়রা দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি স্থানীয় এমডিসি জগদীশ দেববর্মা এবং বিধায়িকা স্বপ্না দেববর্মার কাছে সরাসরি আবেদন জানিয়ে তারা বলেন, এলাকার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করা হোক।
স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করা হোক।
























