নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট:
সাত দফা দাবিতে ফের পথে নামলেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এটিটিএফ ও এনএলএফটির সদস্যরা। শুক্রবার চম্পকনগর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল এবং রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন আগে আত্মসমর্পণের পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতির অধিকাংশ এখনও বাস্তবায়িত হয়নি। বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।
এর আগেও একই দাবিতে চম্পকনগরসহ বিভিন্ন এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের সদস্যরা। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হলেও, পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। সেই কারণেই ফের বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
শুক্রবার সকাল থেকেই চম্পকনগর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পাশাপাশি ব্রিগুদাস এলাকায় রেলপথও অবরোধ করা হয়। সাত দফা দাবির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, শুধু প্রশাসনিক আশ্বাসে এবার তারা অবরোধ প্রত্যাহার করবেন না। মুখ্যমন্ত্রী এবং জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা করে দাবিগুলি পূরণের বিষয়ে নির্দিষ্ট আশ্বাস দিলেই জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ মুক্ত করা হবে।
অন্যদিকে, একইসঙ্গে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ফলে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনা করে দ্রুত অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলছে বলে জানা গেছে।



















