আগরতলা, ১৭ আগস্ট: পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁর এই নতুন দায়িত্বকে ঘিরে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব ও দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বলেন, তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং তৃণমূল স্তরে সংগঠন পরিচালনার দক্ষতা দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ত্রিপুরায় বিজেপির সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে বিপ্লব কুমার দেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবার জাতীয় স্তরে দলের সাংগঠনিক কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছে দলের নেতৃত্ব। নতুন দায়িত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। তাঁদের আশা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নতুন দায়িত্ব পালন করে তিনি দেশজুড়ে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এদিকে, বিজেপির সদ্য নিযুক্ত সকল জাতীয় পদাধিকারীকেও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনা এবং বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে অভিজ্ঞ ও উদ্যমী এই দলীয় নেতৃত্ব কর্মীদের আরও শক্তিশালী করবে, সংগঠনকে মজবুত করবে এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে কাজকে আরও ত্বরান্বিত করবে।
এদিকে, বিপ্লব কুমার দেবের নতুন দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে আগরতলায় শুভেচ্ছা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ধলেশ্বর রোড নম্বর ৭-এর ওম অ্যাপার্টমেন্টের সামনে বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজেপির কার্যকর্তারা উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানাবেন।



















