শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র্যালি। শান্তির বাজার মহকুমা প্রশাসন, বোকাফা ব্লক এবং শান্তির বাজার পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আগামী ১৫ আগস্ট বেতাগায় অবস্থিত শান্তির বাজার গভমেন্ট ডিগ্রি কলেজের মাঠে যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। তারই প্রাক্কালে শুক্রবার এই তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করা হয়।
বোকাফা ব্লক প্রাঙ্গণ থেকে র্যালিটির আনুষ্ঠানিক সূচনা করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এবং মহকুমাশাসক তরুণকান্তি সরকার। জাতীয় পতাকা হাতে ও বাইকে তিরঙ্গা পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা শান্তির বাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। পরে র্যালিটি শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমাশাসক তরুণকান্তি সরকার, বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক-সহ অন্যান্যরা।
মহকুমাশাসক ও বোকাফা ব্লকের উদ্যোগে আয়োজিত এই তিরঙ্গা র্যালিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাধীনতা দিবসকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।



















