কুমারঘাট: স্বাস্থ্য ও ফিটনেসের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কুমারঘাটে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। “রান ফর ফিটনেস, রান ফর ন্যাশন”—এই বার্তাকে সামনে রেখে শুক্রবার, ১৪ আগস্ট সকালে রোটারি ক্লাব অব উনকোটির উদ্যোগে এবং রোটারি ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩২৪০-এর সহযোগিতায় এই ম্যারাথনের আয়োজন করা হয়। কুমারঘাটের পিডব্লিউডি মাঠ থেকে শুরু হয় প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদ, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। সকাল ৬টা থেকে শুরু হয় প্রতিযোগীদের নাম নথিভুক্তকরণ ও রিপোর্টিং। এরপর সকাল সাড়ে ৬টায় পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের সূচনা করা হয়।
ম্যারাথনকে ঘিরে সকাল থেকেই কুমারঘাটে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দৌড়বিদদের উৎসাহ দিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস, রোটারি ক্লাব অব উনকোটির সভাপতি স্বরূপ তালুকদার-সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
প্রতিযোগীদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন আয়োজকরা। দৌড়ের নির্ধারিত পথে পানীয় জল, চিকিৎসা পরিষেবা এবং হালকা খাবারের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় কৃতিত্বের ভিত্তিতে সেরা ১০ জন দৌড়বিদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করা হয়।
এই ম্যারাথনের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়; বরং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা, সুস্থ ও সক্রিয় জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
স্বাস্থ্য, ও সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে রোটারি ক্লাব অব উনকোটির এই উদ্যোগ কুমারঘাটে ব্যাপক সাড়া ফেলে। আগামী দিনেও এ ধরনের স্বাস্থ্য ও ক্রীড়াভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
























