News Flash

  • Home
  • খেলা
  • ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার
Image

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অভিষেক পোড়েলকে গ্রেফতার করেছে পুলিশ। এক মেডিক্যাল পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

হুগলি জেলার পুলিশ সুপার কুঁয়ার ভূষণ সিং জানান, দমদম থানার অধীনস্থ ইমামি সিটি এলাকা থেকে অভিষেক পোড়েলকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গত জুনে এক মেডিক্যাল পড়ুয়া পুলিশের কাছে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয় এবং পরে তাঁকে মারধর ও অপরাধমূলক ভয় দেখানো হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৯ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৬ই ও ৭২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।

এক পুলিশ আধিকারিক বলেন, মোগরা থানার ৩৪৬/২৬ নম্বর মামলায় মূল অভিযুক্ত অভিষেক পোড়েলকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাস করেছিলেন।

কর্ণাটকের বাসিন্দা ওই তরুণী মেডিক্যাল পড়ুয়া গত ২৩ জুন হুগলির মোগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। দু’জনে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলেন এবং একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন। তবে প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কে সমস্যা তৈরি হয়। সেই সময় বিষয়টি থানায় পৌঁছলেও কোনও অভিযোগ দায়ের হয়নি।

এবার তরুণীটি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তবে সেই সময় অভিষেক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন।

অভিযোগ দায়েরের পরও পুলিশ পদক্ষেপ না করায় কয়েকদিন পর ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর আদালত অভিষেককে গ্রেফতারের নির্দেশ দেয়।

গত ১৪ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশকে অভিষেক এবং মামলার অন্য এক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। অভিযোগকারীর সঙ্গে সম্পর্কিত ব্যক্তিগত তথ্য বা উপাদান ছড়িয়ে পড়া রুখতে ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছিল আদালত।

এরপর মঙ্গলবার পুলিশ অভিষেককে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাঁকে হুগলির চুঁচুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। অভিষেকের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

বাংলা ক্রিকেটে অভিষেক পোড়েল পরিচিত মুখ। বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার অভিষেক ২০২১-২২ মরশুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। পরে ভারত ‘এ’ দলের ডাকও পান। ২০২৩ সালে তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দেন এবং এখনও আইপিএলের ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন।

Releated Posts

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

Leave a Reply

Scroll to Top