আগরতলা, ১০ আগস্ট : ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের গ্রাম ও পাহাড়ের মানুষের পাশাপাশি যুবকদের কাজের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আহ বামেদের জেল ভরো আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন তিনি।
জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, গ্রাম-পাহাড়ের মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। জুমিয়াদের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, গ্রাম ও পাহাড়ের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে হতাশা ও হাহাকার তৈরি হয়েছে। এমনকি সন্তান বিক্রির মতো ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
সরকারি দপ্তরগুলিতেও ‘লুটের রাজত্ব’ চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে আজকের কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে সতর্ক করা প্রয়োজন। জনগণের সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি।
এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের শাসকরা যখন স্বৈরাচারী হয়ে ওঠেন, তখনই নাগরিকরা আইন অমান্য আন্দোলনের পথে নামেন। এই আগস্ট মাস সংগ্রাম ও ক্রান্তির মাস। তিনি জানান, আগরতলা ছাড়াও রাজ্যের আরও প্রায় ২০টি স্থানে বামেদের উদ্যোগে জেল ভরো আন্দোলন চলছে। জনগণের বিভিন্ন দাবি ও অধিকার রক্ষার প্রশ্নে এই আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
























