ইটানগর, ৬ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের বন্যা ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কেন্দ্র সরকার দৃঢ়ভাবে রয়েছে এবং ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে সবরকম সহায়তা করা হবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী তথা রাসায়নিক ও সারমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার বন্যা ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কেয়ি পানিয়র জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের পর তিনি এই আশ্বাস দেন।
অসম ও নাগাল্যান্ডের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের একদিন পর অরুণাচলে পৌঁছে নাড্ডা ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার এই কঠিন সময়ে অরুণাচল প্রদেশের মানুষের পাশে রয়েছে এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত ত্রাণ, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
দিনের শেষে ইটানগরে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উপমুখ্যমন্ত্রী চৌনা মেইন, রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন নাড্ডা। বৈঠকে বন্যায় অবকাঠামো ও সম্পত্তির ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনের কাজ আরও দ্রুত করার ওপর জোর দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
নাড্ডা জানান, সংশ্লিষ্ট সব দফতরকে ত্রাণ, পুনর্বাসন এবং স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত প্রয়োজনীয় সহায়তা পান।
কেয়ি পানিয়র জেলার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার অরুণাচল প্রদেশের মানুষের পাশে রয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করছি, ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে কেন্দ্র কোনওরকম খামতি রাখবে না।”
উল্লেখ্য, গত সপ্তাহে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের পাঁচ সাংসদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আশ্বাস দিয়েছিলেন যে, ভারী বৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্র সব ধরনের সহায়তা করবে। পরে এক্স-এ তিনি জানান, দুই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্র নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।
এর আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও বন্যাকবলিত এলাকা স্থল ও আকাশপথে পরিদর্শন করেন। চৌহান ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পাশাপাশি ভেসে যাওয়া বাড়ির পরিবর্তে নতুন বাড়ি নির্মাণ এবং ফসল, কৃষিজমি ও গবাদিপশুর ক্ষতির জন্য ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক পরিকল্পনাও নেওয়া হবে।



















