আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার দিল্লিতে নিজের সরকারি বাসভবনে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। এ সময় তিনি অস্মিতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
বিপ্লব কুমার দেব বলেন, অস্মিতা দে-র এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত সমগ্র দেশ এবং গর্বিত ত্রিপুরা। অদম্য নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অবিচল সংকল্পের মাধ্যমে তিনি সকল প্রতিকূলতাকে জয় করে যে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন, তা দেশের তরুণ প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদে অস্মিতা আগামী দিনেও আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ আরও উজ্জ্বল করবেন—এই প্রত্যাশাই সকলের। উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ত্রিপুরার কন্যা অস্মিতা দে। তাঁর এই সাফল্য রাজ্য তথা দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
























