নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট: সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয় করে বসানো শতাধিক ফুলের টব ও রোপণ করা গাছের যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় অধিকাংশই নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ অনুযায়ী, কয়েক বছর আগে সরকারি কোষাগার থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে সাব্রুম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের দমদমা এলাকা থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতুর জিরো পয়েন্ট এবং সাব্রুম ল্যান্ড পোর্টের প্রবেশদ্বার পর্যন্ত রাস্তার দু’পাশে বড় আকারের কয়েকশো সিমেন্টের ফুলের টব বসিয়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছিল। প্রকল্পটির দায়িত্বে ছিল সাব্রুম বনদপ্তর।
এ প্রসঙ্গে দমদমা এলাকার বাসিন্দা ও সচেতন নাগরিক রাজীব দে অভিযোগ করে বলেন, বনদপ্তর প্রতিবছর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি নিলেও গাছ লাগানোর পর সেগুলির রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় না। ফলে অযত্ন ও পরিচর্যার অভাবে অধিকাংশ গাছই নষ্ট হয়ে যায়।
তিনি আরও দাবি করেন, দমদমা থেকে মৈত্রী সেতুর জিরো পয়েন্ট এবং সেখান থেকে সাব্রুম ল্যান্ড পোর্ট পর্যন্ত এলাকায় প্রায় ৯০০ থেকে ১,০০০টি ফুলের টব বসানো হয়েছিল। সরকারি অর্থ ব্যয় করে এই প্রকল্প বাস্তবায়নের পর বনদপ্তর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি বলেই তাঁর অভিযোগ। রাজীব দে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকার যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
























