আগরতলা, ২ আগস্ট: কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে কেন্দ্র করে বিশালগড় থানার পুলিশ এবং অটোচালকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বিশালগড় থানার পুলিশ লেম্বুতুলি এলাকায় যানবাহনে নিষিদ্ধ গ্লাস ফিল্ম ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানের সময় একাধিক অটোরিকশা থামিয়ে গ্লাস ফিল্ম ব্যবহারের অভিযোগে আইন অনুযায়ী জরিমানা করা হয়।
এরপরই কয়েকজন অটোচালক প্রতিবাদে সরব হন। তাঁদের অভিযোগ, শুধুমাত্র অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে একই নিয়ম সব ধরনের যানবাহনের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা উচিত। তাঁদের দাবি, পুলিশ বিভাগের গাড়িসহ যে সমস্ত যানবাহনে গ্লাস ফিল্ম রয়েছে, সেগুলির বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের দাবি বড় বড় গাড়ি গুলিতে এই গ্লাস পেপার ব্যবহার করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয় না। এই প্রশ্ন তুলেই সরব হন অটোচালকেরা।
অটোচালকদের বক্তব্য, আইন প্রয়োগে কোনো বৈষম্য থাকা উচিত নয়। সকলের ক্ষেত্রে সমানভাবে ট্রাফিক আইন কার্যকর করা হলে সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
























